Article By – সুনন্দা সেন

ভারতের অর্থনীতি ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে বা Q4FY26-এ ৭.২% হারে বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI-এর একটি রিসার্চাল রিপোর্ট। শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা, গ্রামীণ ও শহরে ভোগব্যয়ের ধারাবাহিক বৃদ্ধি এবং সরকারি ইনসেনটিভের জেরে এই প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, গোটা ২০২৫-২৬ অর্থবছরে ভারতের বাস্তব GDP বৃদ্ধির হার প্রায় ৭.৫% হতে পারে।
একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরে বৃদ্ধির হার কিছুটা কমে ৬.৬%- এ নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কারণ পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক অস্থিরতা ও বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের চাপ অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। SBI রিপোর্টে বলা হয়েছে, গ্রামীণ অর্থনীতি কৃষি ও কৃষি বহির্ভূত উভয় ক্ষেত্রের উন্নতির কারণে শক্ত অবস্থানে রয়েছে। অন্যদিকে শহুরে চাহিদাও উৎসব মরশুমের পর থেকে ক্রমশ বাড়ছে। GST ও অন্যান্য আর্থিক প্রণোদনা এই ভোগব্যয়কে আরও শক্তিশালী করেছে।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে Q4FY26-এ নামমাত্র বা নমিনাল GDP বৃদ্ধির হার প্রায় ১২.২% হতে পারে। তবে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক সংঘাত ভারতের চলতি হিসাব ঘাটতি, মূল্যস্ফীতি এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির ওপর চাপ সৃষ্টি করতে পারে। এদিকে IMF (International Monetary Fund) সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস কমালেও ভারতের চলতি বছরের বৃদ্ধির সম্ভাবনা ৬.৫%- এ উন্নীত করেছে। IMF-এর মতে, শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদাই ভারতের অর্থনীতিকে বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও স্থিতিশীল রাখছে।




