Article By – সুনন্দা সেন

ভারতের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে দেশের কেন্দ্র সরকার। খবর অনুযায়ী, সরকার চাইছে প্রতিটি নতুন স্মার্টফোনে আধার অ্যাপটি প্রি-ইনস্টল করা থাকুক। এর উদ্দেশ্য হলো নাগরিকদের জন্য ডিজিটাল পরিচয় ব্যবস্থাকে আরও সহজলভ্য করা এবং বিভিন্ন সরকারি পরিষেবা বা দ্রুত পৌঁছে দেওয়া। তবে এই পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে বড় প্রযুক্তি সংস্থাগুলি, বিশেষ করে স্যামসাং (Samsung) এবং অ্যাপল (Apple)। তাই আধার অ্যাপ বাধ্যতামূলক হবে কিনা, তা নির্ভর করছে সরকারের সঙ্গে প্রযুক্তি কোম্পানিগুলির আলোচনা উপর।
কোম্পানিগুলির মতে, কোনো নির্দিষ্ট অ্যাপকে বাধ্যতামূলকভাবে ফোনে ইনস্টল করার সিদ্ধান্ত ব্যবহারকারীর স্বাধীনতা এবং ডিভাইস নির্মাতাদের নীতির সঙ্গে কনফ্লিক্ট হতে পারে। সরকারের যুক্তি হলো, আধার অ্যাপ প্রি-ইনস্টল থাকলে সাধারণ মানুষ সহজেই পরিচয় যাচাই, সরকারি ভর্তুকি, ব্যাংকিং পরিষেবা এবং অন্যান্য ডিজিটাল সুবিধা নিতে পারবেন। বিশেষ করে গ্রামীণ ও সেমি-আরবান অঞ্চলে যেখানে ডিজিটাল পরিষেবার প্রসার এখনও সীমিত, সেখানে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে প্রযুক্তি সংস্থাগুলি বলছে, ব্যবহারকারীর গোপণীয়তা এবং ডেটা সুরক্ষা এখানে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তারা মনে করছে, ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো অ্যাপ আগে থেকেই ইনস্টল করা থাকলে তা গোপনীয় উদ্বেগ তৈরী করতে পারে। এছাড়া বিভিন্ন দেশের নিয়ম ও কোম্পানির নিজস্ব নীতিমালার সঙ্গেও এই সিদ্ধান্তের সামঞ্জস্য রাখা কঠিন হতে পারে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই বিষয়টি কেবল প্রযুক্তিগত নয়, বরং নীতিগতও। একদিকে সরকার চাইছে ডিজিটাল পরিষেবা দ্রুত এবং সহজলভ্য করতে, অন্যদিকে কোম্পানিগুলি ব্যবহারকারীর স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছে।




