Article By – সুনন্দা সেন

ডিসেম্বর মাসে ভারতের রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি বড় পতনের সম্মুখীন হতে পারে। মার্কিন নিষেধাজ্ঞার নতুন চাপ, ব্যাংকিং জটিলতা এবং রিফাইনারি (পরিশোধনাগার) গুলির বাড়তি সতর্কতার কারণে রাশিয়া থেকে তেল ক্রয় কমাতে বাধ্য হচ্ছে দেশীয় তেল কোম্পানিগুলি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিসেম্বর মাসে ভারতের রাশিয়ান তেল আমদানি ৬ লক্ষ থেকে ৬.৫ লক্ষ ব্যারেল প্রতিদিন পর্যায়ে নেমে আসতে পারে, যা হবে প্রায় তিন বছরের মধ্যে সর্বনিম্ন ক্রয় স্তর। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ডিসকাউন্টে তেল বিক্রি শুরু করায় ভারত দ্রুত তাদের বড় ক্রেতায় পরিণত হয়েছিল। কিন্তু পরিস্থিতি এখন বদলাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি রাশিয়ার বড় তেল কোম্পানি Rosneft এবং Lukoil-এর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে ভারতীয় রিফাইনারিগুলোর পেমেন্ট ও ইনস্যুরেন্স সংক্রান্ত ঝুঁকি বেড়ে গেছে। অনেকে নভেম্বর থেকেই লেনদেন “ভাইন্ড ডাউন” শুরু করেছে। কয়েকটি সরকারি ও বেসরকারি রিফাইনারি সরাসরি রাশিয়ান তেল কেনা সীমিত বা বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে Reliance Industries ঘোষণা করেছে, ১ ডিসেম্বর থেকে তাদের রপ্তানি-নির্ভর রিফাইনারিতে রাশিয়ান তেল ব্যবহার বন্ধ থাকবে। HPCL-Mittal, Mangalore Refinery-ও আমদানি কমানোর পথে।
তবে Nayara Energy-এর মতো কিছু রিফাইনারি পূর্বের চুক্তির কারণে সীমিত পরিমাণে রাশিয়ান তেল নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ডিসকাউন্ট কমে যাওয়ায় রাশিয়ান তেলের লাভজনকতা আগের মতো নেই, যা আমদানি কমার আরেকটি বড় কারণ। ফলে ভারত এখন মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার মতো বিকল্প উৎসে তেল কেনার সম্ভাবনা খতিয়ে দেখছে। বিশ্লেষকদের মতে, ডিসেম্বরের পর পরিস্থিতি পুরোপুরি নির্ভর করবে ভূরাজনৈতিক চাপ, নিষেধাজ্ঞার গতিপ্রকৃতি এবং বাজার মূল্য কাঠামোর ওপর। তবে এখনই পরিষ্কার—ইউক্রেন যুদ্ধ-পরবর্তী রাশিয়ান উচ্চ তেল আমদানিতে ব্রেক কষতে চলেছে ভারত।




