ভারতীয়দের মধ্যে ইক্যুইটি, ডেট, গোল্ড, রিয়াল এস্টেট ইত্যাদিতে বিনিয়োগ যতটা জনপ্রিয়, কমোডিটি ততটাও প্রচলিত নয়। অনেক বিনিয়োগকারীই ডাইভারসিফায়েড পোর্টফোলিওতে বিনিয়োগ করেন, তবুও কমোডিটিতে সেই পরিমাণ বিনিয়োগ হয় না। আজকের প্রতিবেদনে আমরা জানব কমোডিটি মিউচ্যুয়াল ফান্ড কী, কয় ধরনের হয় এই ফান্ড এবং আপনার কি বিনিয়োগ করা উচিত?
কমোডিটি ফান্ড কী?
প্রথমেই আলোচনা করব কমোডিটি কী জিনিস। কমোডিটি হল পণ্যদ্রব্য। কীভাবে ট্রেড হয় কমোডিটি? একটি পণ্য অপর একটি একই দামের পণ্যের সঙ্গে লেনদেন বা ট্রেড হয়। সোনা, পেট্রোলিয়াম পণ্য, প্রাকৃতিক গ্যাস, কৃষি পণ্য ইত্যাদি পণ্য প্রতিদিন ট্রেড হয়। কমোডিটির এই লেনদেন তাদের বাজারের চাহিদা ও দামের উপর নির্ভর করে।
এবার তাহলে কমোডিটি ফান্ড কী? কোনো নির্দিষ্ট একটি কমোডিটির লেনদেনে বিনিয়োগ করে যেই ফান্ড তাকে কমোডিটি মিউচ্যুয়াল ফান্ড বলে। এটি বিনিয়োগকারীদের বিনিয়োগের উপর রিটার্ন পেতে সাহায্য করে।
কয় ধরনের কমোডিটি ফান্ড আছে?
প্রতিদিন প্রায় হাজার হাজার কমোডিটির ট্রেড হয়। ফলে ট্রেড এবং ইনভেস্টমেন্টের সুবিধার জন্য সেগুলিকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
→ True commodity বা Basic commodity fund: True commodity fund হল একধরনের মিউচ্যুয়াল ফান্ড যা সরাসরি ফিজিক্যাল কমোডিটি বা কমোডিটির ফিউচার চুক্তিতে বিনিয়োগ করে।
→ Natural resources fund: এই ফান্ডগুলি মূলত সেইসব সংস্থা বা কোম্পানিতে বিনিয়োগ করে যারা পেট্রোলিয়াম, তেল ইত্যাদি প্রাকৃতিক সম্পদ নিয়ে কাজ করে।
→ Futures fund: কমোডিটি ফান্ডের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ফান্ড হল futures fund। এই ফান্ডগুলি কমোডিটির ফিউচার কন্ট্র্যাক্টে বিনিয়োগ করে। এই ফান্ডের ম্যানেজার কমোডিটির ফিউচার ট্রেডিং-এর কল নেয়। যেহেতু এই ফান্ড অনেকটাই ঝুঁকিপূর্ণ তাই ফান্ড ম্যানেজারের কলের ভিত্তিতে ফান্ডের NAV ব্যাপকভাবে বাড়তে কমতে পারে। তবে ঝুঁকি বেশি থাকায় রিটার্নের সম্ভাবনাও বেশি এই ফান্ডে।
→ Combination fund: বেসিক বা ট্রু কমোডিটি এবং কমোডিটি ফিউচার–– এই দুই ক্যাটাগরিতে মিলিয়ে মিশিয়ে বিনিয়োগের কৌশল মেনে চলে কম্বিনেশন ফান্ড। ফিউচার কন্ট্র্যাক্ট থেকে ভালো রিটার্নের সুযোগ যেমন থাকে পাশাপাশি বেসিক কমোডিটি সাহায্য করে ভোলাটিলিটি বা অস্থিরতা কম করতে।
→ Index fund: এই ফান্ডগুলি পরোক্ষভাবে পরিচালিত হয়, অর্থাৎ এগুলি passive fund। এই ফান্ডগুলিতে ফান্ড ম্যানেজার ফান্ডের সঞ্চিত অর্থ দিয়ে বেঞ্চমার্কের উপর নির্ভর করে সঠিক দামে কমোডিটি কেনে।
কমোডিটি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের সুবিধা
কমোডিটি ফান্ডের কিছু সুবিধা ও বৈশিষ্ট্যের কারণে ফান্ডগুলি বিনিয়োগকারীদের কাছে আকর্ষনীয় একটি বিনিয়োগ বিকল্প।
- পোর্টফোলিওর ডাইভারসিফিকেশনের সুযোগ: সব বিনিয়োগকারীই আলাদা আলাদা অ্যাসেট ক্লাসে পোর্টফোলিও ডাইভারসিফাই করতে চান। কমোডিটি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে ডাইভারসিফিকেশনের একটি অতিরিক্ত সুযোগ তৈরি করে।
- বাজারের ওঠানামা থেকে সুরক্ষা: সোনা, রুপোর মতো কমোডিটি, বাজারের গতিবিধি দ্বারা প্রভাবিত হয় না। এদের দাম বাজারের ওঠানামার ফলে বাড়ে বা কমে না। সেই কারণে বাজারের গতিবিধি যা-ই থাকুক না কেন এগুলি থেকে ভালো রিটার্ন আসে।
- মুদ্রাস্ফীতি থেকে নিরাপত্তা: সাধারণত বৈশ্বিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে রিটার্ন দেয় কমোডিটি ফান্ড। ফলে মুদ্রাস্ফীতির বিপরীতে সুরক্ষা প্রদান করে।
তবে কিছু ঝুঁকিও যুক্ত থাকে কমোডিটি ফান্ডের সঙ্গে। কমোডিটির দাম বা পারফরমেন্স রাজনৈতিক, সামাজিক, সামষ্টিক অর্থনৈতিক ইত্যাদি একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে এইসব ক্ষেত্রে মন্দা দেখা দিলে বা অস্থিরতা এলে ফান্ডের রিটার্নেও তার প্রভাব পড়ে।
কারা বিনিয়োগ করবেন কমোডিটি ফান্ডে?
পণ্য এবং বাজার সম্পর্কে যথেষ্ট জ্ঞান প্রয়োজন কমোডিটি ট্রেডিং-এর ক্ষেত্রে। ফলে সেই বিষয়ে যথাযথ জ্ঞান না থাকলে সরাসরি কমোডিটি ট্রেডিং না করে কমোডিটি ফান্ড নির্বাচন করা যেতে পারে। তবে মনে রাখতে হবে এই ফান্ড অত্যধিক ঝুঁকিপূর্ণ। তাছাড়া এখানে নিশ্চিত রিটার্নের কোনো সুযোগ নেই। ফলে যেসব বিনিয়োগকারীর নিশ্চিত রিটার্ন চান তাঁরা একেবারেই এই ফান্ডে বিনিয়োগ করবেন না।




