Article By – সুনন্দা সেন

ভারতের অন্যতম বড় অ্যাসেট ম্যানেজার SBI ফান্ড ম্যানেজমেন্ট সম্প্রতি SEBI-তে IPO-এর ড্রাফ্ট ফাইল করেছে। কোম্পানির এই IPO-তে নতুন কোনো শেয়ার ইস্যু হবে না, বরং এটি হবে অফার ফর সেল বা OFS। এর মানে, কোম্পানির প্রোমোটাররা তাদের শেয়ার বাজারে বিক্রি করবেন এবং প্রাপ্ত অর্থ যাবে শুধুমাত্র বিক্রেতাদের কাছে। আর SBI ফান্ডস ম্যানেজমেন্টের IPO দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এটি শুধুমাত্র বিনিয়োগকারীদের জন্য নয়, বরং দেশের শেয়ার বাজারের জন্যও হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ।
এই OFS-এ মোট ২০.৩৭ কোটি শেয়ার বিক্রি করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI-এর প্রায় ১২.৮৩ কোটি শেয়ার রয়েছে। যা কোম্পানির প্রায় ৬.৩% অংশ। অন্যদিকে কোম্পানির আর এক গুরুত্বপূর্ণ অংশীদার আমুন্ডি ইন্ডিয়া হোল্ডিং (Amundi India Holding) প্রায় ৭.৫৩ কোটি শেয়ার বিক্রি করবে। যা কোম্পানির প্রায় ৩.৭% অংশ। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের OFS-এর মাধ্যমে কোম্পানি নতুন ফান্ড সংগ্রহ করছে না, তাই কোম্পানির তহবিলে কোনো অর্থ যাবে না। এই বিক্রি শুধুমাত্র প্রোমোটারদের ব্যক্তিগত অর্থায়নের জন্য।
SBI ফান্ডস ম্যানেজমেন্টের এই IPO অনুমোদন পেলে এটি দেশের কিছু নির্বাচিত লিস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মধ্যে একটি হয়ে যাবে। ইতিমধ্যে দেশের বাজারে HDFC AMC এবং ICICI প্রুডেনশিয়াল AMC লিস্টেড রয়েছে। বিনিয়োগকারীদের জন্য এটি একটি আকর্ষণীয় সুযোগ তৈরি করবে, বিশেষ করে যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে বিনিয়োগ করতে আগ্রহী। IPO-এর চূড়ান্ত মূল্য, লঞ্চের সময়সূচি এবং আবেদন প্রক্রিয়া SEBI-এর অনুমোদনের পরই প্রকাশ করা হবে। বিনিয়োগকারীরা তখন আবেদন করতে পারবেন। বিশ্লেষকরা মনে করছেন, দেশের শেয়ার বাজারে এই OFS নতুন ধরনের উত্তেজনা এবং বিনিয়োগের সুযোগ এনে দেবে।




