Article By – সুনন্দা সেন

রাম নবমী উপলক্ষে আগামী ২৬মার্চ, ২০২৬ (বৃহস্পতিবার) দেশের শেয়ার বাজার সম্পূর্ণরুপে বন্ধ থাকবে। এই দিনে কোনো ধরনের ট্রেডিং কার্যক্রম হবে না বলে জানানো হয়েছে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জগুলির পক্ষ থেকে। ভারতের দুই প্রধান শেয়ার বাজার – BSE (Bombay Stock Exchange) এবং NSE (National Stock Exchange)-উভয়ই এই দিনটিকে সরকারি ট্রেডিং হলিডে হিসেবে ঘোষণা করেছে। ফলে ইক্যুইটি, ইক্যুইটি ডেরিভেটিভস, কারেন্সি ডেরিভেটিভস এবং সিকিউরিটিজ লেন্ডিং অ্যান্ড বোরোয়িং (SLB) সহ সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।
বাজার বিশেষজ্ঞদের মতে, রামনবমী ভারতের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হওয়ায় প্রতিবছরই এই দিনে শেয়ার বাজার বন্ধ থাকে। এটি পূর্বনির্ধারিত ছুটির তালিকার অন্তর্ভুক্ত হওয়ায় বিনিয়োগকারীদের জন্য কোনো আকস্মিক পরিবর্তন নয়। তবুও, যারা নিয়মিত ট্রেডিং করেন বা স্বল্পমেয়াদি বিনিয়োগ (Short-term investment)-এ অভ্যস্ত তাঁদের জন্য এই বিরতি কিছুটা প্রভাব ফেলতে পারে। বিশেষ করেডে-ট্রেডার ও ইন্ট্রাডে বিনিয়োগকারীদের ক্ষেত্রে এক দিনের বিরতি মানে বাজারের গতিপ্রকৃতি বোঝার ক্ষেত্রে একটি সাময়িক বিরাম।
এছাড়াও আন্তর্জাতিক বাজারে এই দিনে লেনদেন চলতে থাকলেও ভারতের বাজার বন্ধ থাকার কারণে সেই মুহুর্তের বৈশ্বিক প্রভাব ভারতীয় শেয়ার বাজারে সরাসরি প্রতিফলিত হবে না। তবে পরের কার্যদিবসে অর্থাৎ বাজার খোলার দিনে, সেই প্রভাব একসঙ্গে প্রতিফলিত হতে পারে। তাই অনেক বিনিয়োগকারী এই ধরনের ছুটির আগে সতর্কভাবে পোর্টফোলিও ম্যানেজ করে থাকেন। অন্যদিকে লং-টার্ম বা দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য এই এক দিনের ছুটি বিশেষ কোনো প্রভাব ফেলে না। বরং তাঁরা এই সময়কে বাজার বিশ্লেষণ বা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ব্যবহার করতে পারেন।
উল্লেখ্য, ২৬ মার্চ, ২০২৬-এর পরের কার্যদিবসেই শেয়ারবাজার আবার স্বাভাবিক নিয়মে খুলবে এবং লেনদেন শুরু হবে। তাই যদি কোনো গুরুত্বপূর্ণ ট্রেড বা বিনিয়োগ পরিকল্পনা থাকে, তা ২৫ মার্চের মধ্যেই সম্পন্ন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ বাজার বন্ধ থাকলেও সচেতন বিনিয়োগই দীর্ঘমেয়াদে লাভের চাবিকাঠি, এমনটাই মত বাজার বিশেষজ্ঞদের।




