Article By – সুনন্দা সেন

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে দেশের মিউচ্যুয়াল ফান্ডে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP-তে ২৯,৮৪৫ কোটি টাকার ইনফ্লো দেখা গেছে। যা তার আগের মাসের, অর্থাৎ জানুয়ারির তুলনায় প্রায় ৩.৭% থেকে ৪% কম। তবে বার্ষিক বৃদ্ধিতে এটি এখনও ভালো বৃদ্ধি দেখেছে। মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির মোট SIP অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ১০.৪৫ কোটি, যেখানে গত মাসে নতুন ভাবে প্রায় ১৬ লাখ নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রার হয়েছে। আর এই বিষয়টি দেখায় যে রিটেইল বিনিয়োগকারীরা এখনও ধারাবাহিকভাবে SIP-এ বিনিয়োগে আগ্রহী।
এদিকে ফেব্রুয়ারি মাসে SIP স্টপেজ রেশিও প্রায় ৭৬% হয়েছে। অর্থাৎ নতুনভাবে শুরু হওয়া প্রতি ১০০টি SIP-এর মধ্যে প্রায় ৭৬টি SIP বন্ধ হয়েছে বা মেয়াদ শেষ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, স্টপেজ রেশিও উচ্চ থাকা সত্ত্বেও মোট SIP বেস বৃদ্ধি পেয়েছে। কারণ নতুন রেজিস্ট্রেশনগুলি বন্ধ হওয়া SIP-এর চেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ফেব্রুয়ারির এই সামান্য পতন মূলত ক্যালেন্ডার এফেক্ট এবং ব্যাংকিং ডের কারণে। ফেব্রুয়ারি মাসে অন্যান্য মাসের তুলনায় দিনের সংখ্যা কম হওয়ায় কিছু SIP বিনিয়োগ পরে প্রসেসড হয়েছে, তাই এটি কোনো বড় বিনিয়োগের পরিবর্তনের ইঙ্গিত নয়।
এছাড়াও, ফেব্রুয়ারিতে ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডে প্রায় ২৫,৯৭৭ কোটি টাকা নতুন প্রবাহ বা ইনফ্লো লক্ষ্য করা গেছে। যা দেখায় যে বিনিয়োগকারীরা বাজারের সামান্য ওঠা-নামার মধ্যেও দীর্ঘমেয়াদী বিনিয়োগ চালিয়ে যাচ্ছেন। মিউচ্যুয়াল ফান্ড খাতের বিশ্লেষকরা মনে করছেন, SIP এখনও সবচেয়ে শক্তিশালী বিনিয়োগ মাধ্যম, কারণ এটি বিনিয়োগকারীদের নিয়মিত বিনিয়োগের অভ্যাস গড়ে তোলে এবং দীর্ঘমেয়াদে সম্পদ সৃষ্টিতে সাহায্য করে। সারসংক্ষেপে বলতে গেলে, ফেব্রুয়ারিতে মোট SIP বেস বৃদ্ধি পেয়েছে। আর বিশেষজ্ঞদের মতে, খুচরা বিনিয়োগকারীরা বিনিয়োগে স্থির থাকায় SIP-এর ধারাবাহিক প্রবাহ বজায় থাকবে।




