Article By – সুনন্দা সেন

ব্যাংক অফ বরোদা বা BOB নতুন ঋণগ্রহীতাদের জন্য গৃহ ঋণ বা হোম লোনের সুদের হার ৪০ বেসিস পয়েন্ট (bps) কমিয়েছে। নতুন হার এখন বার্ষিক ৮.০০% থেকে শুরু হচ্ছে, যা আগে ৮.৪০% ছিল। ঋণগ্রহীতার ক্রেডিট স্কোরের সাথে সংযুক্ত সংশোধিত হারগুলি নতুন গৃহ ঋণের পাশাপাশি গৃহ উন্নয়ন ঋণের ক্ষেত্রেও প্রযোজ্য। ১৫ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের গৃহ ঋণ নতুন হারের জন্য যোগ্য, ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ব্যাংক অফ বরোদা মহিলা ঋণগ্রহীতাদের জন্য প্রস্তুত সম্পত্তি, গৃহ ঋণ স্থানান্তর ইত্যাদির উপর বার্ষিক ০.০৫% এবং ৪০ বছরের কম বয়সী ঋণগ্রহীতাদের জন্য বার্ষিক ০.১০% ছাড় দিচ্ছে।
ব্যাংকটি জানিয়েছে যে তাদের গৃহঋণ ব্যালেন্স ট্রান্সফার স্কিম অন্যান্য ব্যাংক এবং NBFC-র ঋণগ্রহীতাদের জন্য ন্যূনতম ডকুমেন্টেশন এবং দ্রুত প্রক্রিয়াকরণের মাধ্যমে তাদের গৃহঋণ ব্যাংক অফ বরোদাতে স্থানান্তর করার সুযোগ প্রদান করে। যার ফলে তারা হ্রাসকৃত সুদের হারের সুবিধা নিতে সক্ষম হয়। ২৫ এপ্রিল, ২০২৫- এ ইন্ডিয়ান ব্যাংক গৃহ ও যানবাহন বা ভেহিক্যাল ঋণের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে যথাক্রমে ৭.৯% এবং ৮.২৫% করার ঘোষণা করেছিল। এপ্রিলের শুরুতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নীতিগত হার কমানোর পর ব্যাংকগুলি ঋণ এবং আমানতের হার কমানোর ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় ব্যাংক নীতিগত রেপো রেট মোট ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে। তবে, ব্যাংক ঋণগ্রহীতাদের একটি বড় অংশ এখনও ভারতীয় রিজার্ভ ব্যাংকের টানা দুটি নীতিগত হার হ্রাসের সুবিধা দেখতে পাননি। ভারতীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে RBI কর্তৃক দ্বারা প্রকাশিত তথ্যে দেখা গেছে যে এক বছরের তহবিল-ভিত্তিক ঋণের হারের গড় প্রান্তিক ব্যয় (MCLR) এপ্রিল মাসে ৯%-এ অপরিবর্তিত রয়েছে। তথ্য অনুসারে, নভেম্বর থেকে MCLR ৯% এ রয়েছে। যা ফেব্রুয়ারিতে ৯.০৫%-এ উন্নীত হয়েছিল।




