Article By – সুনন্দা সেন

২০২৫ সালে সরকার সমর্থিত BHIM পেমেন্টস অ্যাপ ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ক্যালেন্ডার ইয়ার, ২০২৫-এ BHIM অ্যাপের মাসিক লেনদেন জানুয়ারির প্রায় ৩৮.৯৭ মিলিয়ন থেকে বেড়ে ডিসেম্বর মাসে দাঁড়িয়েছে ১৬৫.১ মিলিয়নে। অর্থাৎ এক বছরের মধ্যে চার গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এই অ্যাপের লেনদেন সংখ্যা। আর এই বিপুল বৃদ্ধির পেছনে রয়েছে ব্যবহারকারীদের আস্থা বৃদ্ধি, ছোট অঙ্কের দৈনন্দিন পেমেন্টে BHIM-এর গ্রহণযোগ্যতা এবং সরকারি উদ্যোগে ডিজিটাল লেনদেন ব্যবস্থার প্রসার।
ডিসেম্বর, ২০২৫-এ BHIM অ্যাপের মাধ্যমে মোট লেনদেনেট আর্থিক মূল্য পৌঁছেছে প্রায় ২০,৮৫৪ কোটি টাকায়। লেনদেনের পরিমাণে যেখানে প্রায় ৩৯০%। বৃদ্ধি দেখা গেছে, সেখানে লেনদেন মূল্যের বৃদ্ধি হয়েছে ১২০%-এরও বেশি। যা আগের বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে। BHIM অ্যাপটি পরিচালনা করে NPCI BHIM Services Limited, যা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার অধীনস্থ সংস্থা। সংস্থার মতে, উত্তর ভারতের রাজ্যগুলি – বিশেষ করে দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানায় ছোট টিকিটের উচ্চ ফ্রিকোয়েন্সির লেনদেনে BHIM-এর ব্যবহার দ্রুত বেড়েছে। দিল্লিতে মোট লেনদেনের একটি বড় অংশ এসেছে P2P লেনদেনে, মুদির দোকান, ফাস্ট ফুড আউটলেট ও রেস্টুরেন্ট সেক্টর থেকে।
বিশেষজ্ঞদের মতে, ফোনপে (Phonepe), গুগল পে ও পেটিএম (Paytm)-এর মতো বড় বেসরকারি UPI অ্যাপগুলির জোরদার দাপটের মধ্যেও BHIM-এর এই বৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে যে সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মও সঠিক কৌশল, নিরাপত্তা ও ব্যবহারকারীর সুবিধা নিশ্চিত করতে পারলে বাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারে। NPCI BHIM Services Limited জানিয়েছে, ২০২৬ সালে পাবলিক সেক্টর ব্যাংকগুলির সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতা, নতুন ফিচার সংযোজন এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার মাধ্যমে তারা UPI বাজারে নিজেদের অংশ আরও বাড়ানোর পরিকল্পনা করছে।




