Article By – সুনন্দা সেন

ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI হলো একটি অত্যন্ত জনপ্রিয় এবং সহজতর ডিজিটাল পেমেন্ট সিস্টেম। তবে অনেক সময় GPay, Paytm, PhonePe এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলিতে সাময়িক ডাউনটাইম দেখা দেয়। যার ফলে ব্যবহারকারীরা লেনদেন সম্পূর্ণ করতে পারেন না। যদি এই ধরনের পরিস্থিতিতে আপনার UPI পেমেন্ট ব্যর্থ হয়, তাহলে চিন্তার কোনও কারণ নেই। সাধারণত যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, তাহলে তা কয়েক কর্মদিবসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে রিটার্নও পাওয়া যায়।
এবার চলুন দেখে নেওয়া যাক, ঠিক কোন কোন বিষয় সাধারণত অনলাইন বা UPI পেমেন্ট ব্যর্থ হয়। আর সেগুলি হলো:
- দুর্বল বা নিম্নমানের ইন্টারনেট কানেকশন UPI ব্যর্থতার একটি সাধারণ কারণ। লেনদেন শুরু করার আগে সর্বদা নিশ্চিত করুন যে আপনার কাছে একটি নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ আছে।
- কখনও কখনও আপনার ব্যাংকের সার্ভার ডাউন থাকার কারণে লেনদেন ব্যর্থ হতে পারে। যদি আপনি এই ধরনের কোনও বিজ্ঞপ্তি পান, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং সার্ভারটি চালু হয়ে গেলে পুনরায় ট্রানজেকশনের চেষ্টা করতে পারেন।
- ভুল UPI পিন এন্টার করালে লেনদেন ব্যর্থ হতে পারে। যদি আপনি আপনার পিন ভুলে যান, তাহলে আপনি সহজেই আপনার UPI অ্যাপের মাধ্যমে এটি রিসেট করতে পারেন।
- CL- এর সাথে অ্যাপ রেজিস্টারের সমস্যাটি সাধারণত UPI অ্যাপ সেটআপ করার সময় দেখা দেয়। এটি ঠিক করতে, অ্যাপটি আপডেট করুন এবং নিশ্চিত করুন যে আপনার নিবন্ধিত মোবাইল নম্বরটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে সঠিকভাবে লিঙ্ক করা আছে।
- পেমেন্ট করার আগে নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত তহবিল আছে। কম ব্যালেন্সের কারণে লেনদেন ব্যর্থ হতে পারে।
- প্রতিটি ব্যাংকের দৈনিক UPI লেনদেনের সীমা রয়েছে। যদি আপনার দৈনিক ক্যাপটি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে পেমেন্ট ব্যর্থ হবে। এমন অবস্থায় পরবর্তী পেমেন্ট করার জন্য পরের দিন পর্যন্ত অপেক্ষা করুন।
- আপনার UPI প্রোফাইলের সাথে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত থাকলে আপনি নমনীয়তা পাবেন। যদি একটি অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ থাকে, তাহলে আপনি আপনার লেনদেন সম্পূর্ণ করতে অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন।
- টাকা পাঠানোর আগে সর্বদা প্রাপকের UPI আইডি বা মোবাইল নম্বরটি দুবার পরীক্ষা করে নিন। সামান্য ভুলের কারণে লেনদেন ব্যর্থ হতে পারে অথবা ভুল ব্যক্তির কাছে টাকা পাঠানো হতে পারে।
- নতুন UPI ব্যবহারকারীরা অথবা যারা সম্প্রতি তাদের PIN পরিবর্তন করেছেন তাদের লেনদেনের উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এটি সম্পর্কে জানা আপনাকে অপ্রয়োজনীয় উদ্বেগ থেকে বাঁচাতে পারে।




