এবার 5G পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে সরকারি টেলিকম সংস্থা BSNL। যার ফলে এবার কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে পারে জিও এবং এয়ারটেলের মতো বড় সংস্থাগুলি। 5G পরিষেবা চালু করতে অনেক স্টার্টআপ এবং কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করেছে BSNL। Jio এবং Airtel-এর ব্যয়বহুল পরিষেবা ছেড়ে BSNL নেটওয়ার্কে যুক্ত হওয়ার জন্য সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ডও চলছে।
এখনও পর্যন্ত দেশে 5G পরিষেবা প্রদান করেছে শুধুমাত্র রিলায়েন্স জিও এবং এয়ারটেল। কিন্তু আগামী দিনে BSNL-এর দুর্দান্ত অফারের কারণে গ্রাহক হারানোর আশঙ্কা করছে এই দুটি সংস্থাই। আগামী মাসগুলিতে স্টার্টআপ এবং সংস্থাগুলির সঙ্গে সহযোগিতায় 5G ট্রায়াল শুরু করার লক্ষ্যমাত্রা নিয়েছে BSNL। এই পরীক্ষায় প্রথমে প্রাইভেট নেটওয়ার্ক (CNPN) প্রতিষ্ঠার দিকে নজর দেওয়া হবে।
বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ভারতীয় কোম্পানি যেমন Tata Consultancy Services (TCS), লেখা ওয়্যারলেস এবং আমানত টেকনোলজিস থেকে ট্রায়ালের প্রস্তাব পেয়েছে BSNL। এই কোম্পানিগুলি ভয়েস, ভিডিয়ো, ডেটা, নেটওয়ার্ক স্লাইসিং, প্রাইভেট অটোমেটিক ব্রাঞ্চ এক্সচেঞ্জ (PABX) এর মতো বিভিন্ন 5G-ভিত্তিক পরিষেবাগুলি নিয়ে গবেষণা করবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, শনিবার গোয়ালিয়রে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, বিএসএনএল গ্রাহকের সংখ্যা দিন দিন বাড়ছে। কোম্পানির দেশীয় 4G নেটওয়ার্কও প্রস্তুত। এবার এই নেটওয়ার্ক 5G-তে রূপান্তর করার কাজ চলছে।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, “অনেকেই প্রশ্ন করেছিলেন যে Jio, Airtel এবং Vodafone যখন 4G নেটওয়ার্ক চালু করেছে, তখন BSNL কেন নয়? এটা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্প, যে আমাদের যদি কোনও সরকারি কোম্পানির নেটওয়ার্ক গড়ে তুলতে হয়, তাহলে আমরা চিন বা অন্য কোনও দেশের যন্ত্রপাতি ব্যবহার করব না। ভারত তার নিজস্ব প্রযুক্তি বিকাশ করবে এবং দেশবাসীকে 4G নেটওয়ার্ক সরবরাহ করবে।”
Article By – আস্তিক ঘোষ






