সুদিন ফিরতে চলেছে দেশের সরকারি টেলিকম সংস্থা BSNL এবং MTNL-এর। বাজেটে টেলিকম মন্ত্রকের অধীনে টেলিকম প্রকল্প এবং সরকারি খাতের সংস্থাগুলির জন্য 1.28 লাখ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এর মধ্যে বেশিরভাগই সরকারি টেলিকম সংস্থা BSNL-এর জন্য বরাদ্দ করা হয়েছে বলে খবর।
বাজেট ঘোষণার পর বুধবার MTNL-এর শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। এখন MTNL-এর শেয়ারের দাম 88.06 টাকায় পৌঁছেছে। বাজেট অনুসারে, মোট প্রস্তাবিত বরাদ্দের মধ্যে, 1 লাখ কোটি টাকারও বেশি BSNL এবং MTNL-এর জন্য বরাদ্দ করা হয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে এসব কোম্পানির টেলিকম পরিষেবা আরও ভালো হবে বলে আশা করা হচ্ছে।
বাজেটে প্রস্তাবিত বরাদ্দের মধ্যে BSNL-এর প্রযুক্তি আপগ্রেড এবং BSNL-এ পুনর্গঠনের জন্য 82,916 কোটি টাকার বিনিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। এই বাজেটে BSNL এবং MTNL-এর কর্মচারী সহ টেলিকমিউনিকেশন বিভাগের সমস্ত কর্মচারীদেরও কথাও ভাবা হয়েছে। কর্মচারীদের পেনশন সুবিধার জন্য 17,510 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রাখা হয়েছে।
1 এপ্রিল 2024 থেকে কার্যকর করা হবে পেনশনের এই সুবিধা৷ MTNL বন্ডের মূল পরিমাণ পরিশোধের জন্য সরকার 3,668.97 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দিয়েছে। বাজেটে টেলিকম সম্পর্কিত জিনিসপত্রের দেশীয় উৎপাদনের প্রচারের উপর জোর দেওয়া হয়েছে। তাই বাজেটে মাদারবোর্ডের আমদানি শুল্ক 5 শতাংশ বাড়িয়েছে সরকার। মাদারবোর্ডকে প্রযুক্তিগত ভাষায় প্রিন্টেড সার্কিট বোর্ড (PCB) বলা হয়। বাজেটে প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলিতে মৌলিক শুল্ক 10 শতাংশ থেকে বাড়িয়ে 15 শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
Article By – আস্তিক ঘোষ






