Article By – আস্তিক ঘোষ

সরকারি টেলিকম সংস্থা BSNL-এর জন্য সুখবর এসেছে। এক সময় ব্যবহারকারীর অভাবে ভুগছিল এই সরকারি কোম্পানি। আর এখন রেকর্ড হরে নতুন ব্যবহারকারীরা BSNL-এর সিম নিতে শুরু করেছেন। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Trai) এর একটি রিপোর্ট অনুসারে, জুলাই মাসে প্রায় 30 লক্ষ নতুন ব্যবহারকারী BSNL-এর গ্রাহক হয়েছে।
অন্যদিকে, বেসরকারী সংস্থাগুলির (জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া) ব্যবহারকারীর সংখ্যা কমেছে। TRAI-এর রিপোর্ট অনুযায়ী, BSNL-এর ব্যবহারকারী বাড়লেও, বেসরকারি সংস্থাগুলির ব্যবহারকারীর সংখ্যা কমছে। BSNL ব্যবহারকারী বৃদ্ধির কারণ হল রিচার্জ প্ল্যানগুলি এখনও বেসরকারী সংস্থাগুলির থেকে অনেক সস্তা। সাম্প্রতিক সময় বেসরকারী সংস্থাগুলি তাদের রিচার্জ প্লানগুলির দাম বেশ কিছুটা বাড়িয়েছে।
BSNL কোনও রিচার্জ প্লানের দামে বৃদ্ধি করেনি। এই কারণে, অনেক ব্যবহারকারী তাদের নম্বরগুলি বেসরকারী সংস্থাগুলি থেকে BSNL-এ পোর্ট করেছেন। এমন পরিস্থিতিতে BSNL-এর সঙ্গে যুক্ত হওয়া ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। বেশ কিছু বছর পর BSNL এক মাসে ভালো সংখ্যক নতুন গ্রাহক যোগ করল। সক্রিয় ব্যবহারকারীর পরিপ্রেক্ষিতে BSNL তিনটি বেসরকারি টেলিকম সংস্থাকেও পিছনে ফেলে দিয়েছে।
জুলাই মাসে BSNL-এর গ্রাহক 2.91 মিলিয়ন বেড়ে 49.49 মিলিয়ন হয়েছে। যেখানে Vi হারিয়েছে 3.03 মিলিয়ন, Airtel হারিয়েছে 1.17 মিলিয়ন এবং Jio হারিয়েছে 210,000 সক্রিয় ব্যবহারকারী। BSNL বর্তমানে তার ব্যবহারকারীদের 5G পরিষেবা দেওয়ার জন্য কাজ শুরু করেছে। কোম্পানি তাদের নতুন 4G প্ল্যানও শুরু করেছে। BSNL 2025 সালের মার্চের মধ্যে ভারত জুড়ে তার 4G পরিষেবা চালু করতে চলেছে।




