Article By – সুনন্দা সেন

হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে প্রায় ২,৫০০ কোটি টাকার GST ডিমান্ডের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট। আদালত উল্লেখ করেছে যে রাজস্ব বিভাগ (revenue department)- এর বিধানগুলির ব্যাখ্যা “প্রাথমিকভাবে ভুল” বলে মনে হচ্ছে। আসলে রাজস্ব বিভাগ সাতটি মূল্যায়ন বছরে পরিবেশকদের পূর্ববর্তী ছাড় প্রদানের মাধ্যমে কোম্পানিটি পণ্যের অবমূল্যায়ন করেছে বলে জানা যায়। আর তার ভিত্তিতে জানুয়ারিতে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
বিরোধটি কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর আইনের ধারা 15(3)(a) এর ব্যাখ্যা নিয়ে করা হয়েছে। রাজস্ব বিভাগ ছাড় বাতিল করার জন্য এই ধারার উপর নির্ভর করলেও, কোকা-কোলা যুক্তি দিয়েছিল যে তাদের মূল্য নির্ধারণের প্রক্রিয়া ধারা 15(1)-এর সাথে সম্পূর্ণরূপে সঙ্গতিপূর্ণ। যেখানে বলা হয়েছে যে লেনদেনের মূল্য করযোগ্য মূল্যের ভিত্তি গঠন করে। কোম্পানিটি দাবি করেছে যে সমস্ত ছাড় তার ডিস্ট্রিবিউটর ম্যানেজমেন্ট সিস্টেমে স্বচ্ছভাবে লিপিবদ্ধ করা হয়েছে এবং এটি ফাঁকি দেওয়ার হাতিয়ার নয়।
কর্তৃপক্ষের মতে, ছাড়গুলি এমনভাবে গঠন করা হয়েছিল যাতে সরবরাহের করযোগ্য (Taxable value) মূল্য হ্রাস পায়। পরিবেশকরা প্রথমে খুচরা বিক্রেতাদের ছাড় দিয়েছিল। তারপরে কোকা-কোলা অতীতের লেনদেনের উপর ভিত্তি করে পরিবেশকদের জন্য নিজস্ব ছাড় বা ডিসকাউন্ট সমন্বয় করেছিল। রাজস্ব বিভাগ বলেছে যে কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে এই পদ্ধতিটি করা হয়েছিল। তবে কোম্পানিটি হাইকোর্টে নোটিশটি চ্যালেঞ্জ করে।
১ এপ্রিল বিচারপতি বিপি কোলাবাওয়ালা এবং ফিরদোষ পুনিওয়ালার একটি বেঞ্চ বলেছে যে কর বিভাগের গৃহীত যুক্তি “প্রাথমিকভাবে ভুল”। বেঞ্চ ডিমান্ড নোটিশের উপর একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করে এবং কোম্পানির বিরুদ্ধে যেকোনো জবরদস্তিমূলক ব্যবস্থা গ্রহণে বাধা দেয়। আদেশে বলা হয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে যে আপত্তিজনক আদেশের প্রভাব এবং বাস্তবায়ন স্থগিত রাখার জন্য একটি শক্তিশালী প্রাথমিক দৃষ্টিকোণ তৈরি করা হয়েছে। আদালত আরও জানিয়েছে যে তারা ২৯ এপ্রিল,২০২৫ আবেদনটির পরবর্তী শুনানি পেশ করবে।




