Article By – সুনন্দা সেন

শুক্রবার অর্থাৎ ২৪ জানুয়ারি,২০২৫- এ শ্রীলঙ্কার জ্বালানি বা এনার্জি মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এজেন্সি ফ্রান্স প্রেস বা AFP জানিয়েছে, দুর্নীতির অভিযোগের কারণে শ্রীলঙ্কা ভারতীয় বহুমুখী ব্যবসায়িক সংস্থা আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে ঘুষের অভিযোগ ওঠার পর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে আদানির স্থানীয় প্রকল্পগুলির তদন্ত শুরু করেছেন। এর সাথে আরও জানা যাচ্ছে যে সরকার বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে, কিন্তু প্রকল্পটি বাতিল করা হয়নি। পুরো প্রকল্পটি পর্যালোচনা করার জন্য একটি কমিটি নিযুক্ত করা হয়েছে।
আসলে ২০২৪ সালের মে মাসে, পূর্ববর্তী সরকার শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমে এখনও নির্মিত না হওয়া একটি আদানি বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট ০.০৮২৬ ডলারে বিদ্যুৎ কিনতে সম্মত হয়েছিল। তবে বর্তমান প্রশাসন এই মাসের শুরুতে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, তবে এখনও প্রকল্পটি পর্যালোচনা করবে। আদানি গ্রুপ শ্রীলঙ্কার মান্নার এবং পুনেরিন অঞ্চলে ৭৪০ মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে ৪৮৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি বায়ু বিদ্যুৎ খামার স্থাপনের প্রস্তাব করেছিল। যা ২০২৬ সালের মাঝামাঝি সময়ে সম্পন্ন হওয়ার কথাও ছিলো। এর আগে এই প্রকল্পটি পরিবেশগত সংস্থাগুলির বিরোধিতা সহ একাধিক বাধার এবং শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টে পৃথক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণকারী রাষ্ট্রপতি দিশানায়েকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং শ্রীলঙ্কার চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বেশ কয়েকটি জালিয়াতির অভিযোগের মুখোমুখি হওয়া আদানি গ্রুপ ঘুষের অভিযোগ অস্বীকার করেছে। কয়লা, বিমানবন্দর এবং সিমেন্টের মতো বিভিন্ন শিল্পে স্বার্থ রয়েছে এমন আদানি গ্রুপ ২০২২ সালে আর্থিক সংকটের পর শ্রীলঙ্কার প্রথম বিদেশী বিনিয়োগকারী ছিল। তবে, আইনি চ্যালেঞ্জের কারণে তাদের ৪৪২ মিলিয়ন ডলারের বায়ু বিদ্যুৎ প্রকল্প বিলম্বিত হয়েছে।




