Article By – আস্তিক ঘোষ

FMCG-তে বড় বাজি ধরতে চলেছেন গৌতম আদানি। পূর্ব ও দক্ষিণের রাজ্যে 3টি কোম্পানি কেনার পরিকল্পনা রয়েছে আদানি গ্রুপের। হিডেনবার্গ কান্ডের পর আবারও দ্রুত ব্যবসা সম্প্রসারণ শুরু করেছে আদানি গ্রুপ। খাদ্য ও এফএমসিজি ব্যবসা সম্প্রসারণের জন্য এক বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 8,388 কোটি টাকা বিনিয়োগ করতে চলছে দেশের তৃতীয় বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানটি। দেশে বাজারে দ্রুত চাহিদা বাড়ছে প্যাকেটজাত ভোগ্যপণ্যের। এর সুবিধা নিতে তৎপর গৌতম আদানি।
দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে অন্তত তিনটি কোম্পানি কেনার প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপের FMCG কোম্পানি আদানি উইলমার। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে রেডি-টু-কুক খাবার এবং প্যাকেটজাত ভোজ্য ব্র্যান্ড। আদানি গ্রুপ এবং সিঙ্গাপুরের উইলমার গ্রুপের অংশীদারিত্ব রয়েছে আদানি উইলমারে। ফরচুন অয়েল এবং কোহিনুর রাইস ব্র্যান্ডের মালিক আদানি উইলমার। সম্প্রতি অংশীদারিত্ব বিক্রির প্রস্তুতি নিচ্ছিল এই কোম্পানি। কিন্তু এখন দ্রুত মূলধন বিনিয়োগের পথে আদানি গ্রুপ।
কনজিউমার-মুখী ব্যবসা থেকে রাজস্ব 25 থেকে 30 শতাংশে বাড়ানোর পরিকল্পনা করেছে আদানির। এর মধ্যে রয়েছে খাদ্য, MMCG, পণ্য এবং বিমানবন্দর ব্যবসা। সূত্র মারফৎ খবর, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে অনেক কোম্পানি কেনার পরিকল্পনা করছে আদানি উইলমার। বিশেষ করে দক্ষিণ ও পূর্ব বাজারের দিকে নজর রাখছে আদানি গ্রুপ। চলতি বছর ও আগামী বছর অন্তত তিনটি কোম্পানি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে। গত বছর আদানি উইলমারের আয় ছিল 51,261.63 কোটি টাকা। বর্তমানে দেশের পশ্চিম, মধ্য এবং উত্তর রাজ্যে কোম্পানিটির উপস্থিতি পূর্বের তুলনায় জোরদার হয়েছে। এবার দক্ষিণ এবং পূর্ব রাজ্যগুলিতে নজর আদানির।




