দীর্ঘ সময় ধরে রাজ্যের শিল্প সেক্টরে খরার আমেজ। বিদেশে গিয়েও তেমন লাভ হয়নি। তবে দেশীয় সংস্থাগুলি একে একে আস্থা দেখাচ্ছে। চলতি সপ্তাহের বুধবার অর্থাৎ ১০জুলাই ভারতের দ্বিতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ‘ইনফোসিস (Infosys)’ কলকাতার রাজারহাটের ক্যাম্পাসের কাজ শুরু করেছে। এর মধ্যে আবার বাংলার হিতৈষী রুপে বিনিয়োগের ঘোষণা করল Tata group। সংস্থার Tata হিতাচি খড়গপুরের কারখানা সম্প্রসারণে করতে চলেছে বিপুল বিনিয়োগ। এই কারখানাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ খনন যন্ত্র উৎপাদন কারখানা।
খড়গপুরের কারখানাটি ২০০৯ সালে ১১০০ কোটি টাকা খরচ করে তৈরি হয়। সম্প্রতিকালে তারই ক্ষমতাবৃদ্ধি ও সম্প্রসারণের জন্য বিনিয়োগ করা হচ্ছে। সম্প্রতি Tata হিতাচির ম্যানেজিং ডাইরেক্টর (MD) জানিয়েছেন, চলতি বছরে সংস্থাটি কর্ণাটক ও খড়গপুরের কারখানায় মোট ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে। যার অর্ধেকের বেশি অর্থ বিনিয়োগ হবে খড়গপুরে। অবশ্য আগেও কারখানাটি চালাতে কোনো অসুবিধা হয়নি। কারণ কারখানাটি Tata ও হিতাচির যৌথ উদ্যোগে তৈরী এবং এতে হিতাচি কনস্ট্রাকশন মেশিনারির ৬০% ও টাটা মোটরসের ৪০% অংশীদারি রয়েছে।
খবরটি প্রকাশ পাওয়ার পর প্যাটন গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সঞ্চয় বুধিয়া বলেছেন, টাটা গ্রুপের বিনিয়োগ সীদ্ধান্তটি পশ্চিমবঙ্গের জন্য ইতিবাচক। শিল্প বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র জানিয়েছেন, এই বিনিয়োগের ফলে নতুন কর্মসংস্থান তৈরী হবে। বণিকসভা মার্চেন্টস চেম্বারের সভাপতি নমিত বাজোরিয়া বলেছেন, টাটা হিতাচির এই বিনিয়োগ পরিকল্পনা কেবল পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের ব্যবসায়িক এবং শিল্প ক্ষেত্রের মানচিত্র পাল্টে দেবে।
Article By – সুনন্দা সেন






