Article By – সুনন্দা সেন

ভারতের আদানি গ্রুপ পশ্চিমবঙ্গে বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani) জানিয়েছেন, ২০৩৫ সালের মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি টাকা বা প্রায় ১০.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। আর এই বিনিয়োগ বন্দর ও লজিস্টিকস থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন, রাস্তা, সেতু, রোপওয়ে, গ্রিন সিমেন্ট এবং হাইপারস্কেল ডেটা সেন্টারের মতো একাধিক ক্ষেত্রে ছড়িয়ে থাকবে।
সাম্প্রতিক প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই বৃহৎ পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ স্বাস্থ্য পরিষেবা। আদানি গ্রুপ নিউ টাউনে ৪,০০০ কোটির টাকার বেশি অর্থ বিনিয়োগে ২,০০০ বেড ‘আদানি আরোগ্য মন্দির (Adani Arogya Mandir)’ হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও গবেষণা কেন্দ্র বা রিসার্চ সেন্টার তৈরির পরিকল্পনায় রয়েছে। আদানি গ্রুপের দাবি, শুধু চিকিৎসা পরিষেবা নয়, কর্মসংস্থানের ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ হতে পারে। আর এই প্রকল্প পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে ১০ হাজারের বেশি কর্মসংস্থান তৈরি করতে পারে।
ব্যবসায়িক দিক থেকে খবরটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল, আদানি গ্রুপ পশ্চিমবঙ্গকে শুধু বন্দর বা লজিস্টিকসের বাজার হিসেবে দেখছে না; ইনফ্রাস্ট্রাকচার–এনার্জি–ডিজিটাল অবকাঠামো–স্বাস্থ্য পরিষেবা মিলিয়ে একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে। বিশেষ করে বিদ্যুৎ বিতরণ ও হাইপারস্কেল ডেটা সেন্টারে প্রবেশের পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজ্যের শিল্প ও ডিজিটাল পরিকাঠামোতেও তার প্রভাব পড়তে পারে। আর আদানি গ্রুপের তথ্য অনুযায়ী, হাসপাতালের ১,০০০টি শয্যা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির রোগীদের জন্য রাখা হবে, যাঁরা রাজ্য ও কেন্দ্রের প্রযোজ্য স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় চিকিৎসার সুবিধা পেতে পারবেন।




