Article By – আস্তিক ঘোষ

ভারতে অংশগ্রহণ বাড়াতে প্রস্তুত প্রযুক্তি খাতের জায়ান্ট গুগল এবং এনভিডিয়া। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে আরও বিস্তৃত করতে এবার আমেরিকার মাটিতে বিশ্বের বিভিন্ন টেকনোলজি সংস্থার সিইও-দের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে হাজির ছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই। সেখানেই ভারতে পণ্য উৎপাদনে সম্মত হয়েছে গুগল এবং এনভিডিয়া।
গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) প্রধান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এই প্রসঙ্গে জানান, ‘AI এর সম্ভাবনা এবং ভারতের সুযোগ সম্পর্কে জানতে আগ্রহী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বৈঠক বেশ উপভোগ করেছি। তিনি একজন সুন্দর মনের মানুষ। যখনই আমি তাঁর সঙ্গে দেখা করি তিনি এআই, ভারতের বিভিন্ন প্রযুক্তি, ভারতীয় সমাজ এবং শিল্পের উপর প্রভাব সম্পর্কে জানতে চান। ভারতের সঙ্গে আমাদের অনেক অংশীদারিত্ব রয়েছে। আমরা ভারতকে আমাদের সবচেয়ে উন্নত প্রযুক্তি অ্যাক্সেস করতে সাহায্য করছি।” বিশ্বের সেরা কিছু কম্পিউটার বিজ্ঞানীর দেশ ভারত। তাই সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার প্রচুরj সুযোগ রয়েছে।
গুগলের সিইও সুন্দর পিচাই এদিন জানান, “ডিজিটাল ইন্ডিয়া ভিশন নিয়ে ভারতকে রূপান্তরের দিকে মনোনিবেশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে পণ্য উৎপাদনের জন্য আমাদের উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী। কীভাবে মানুষের উপকারে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানো যায়, তা নিয়ে তিনি ভাবছেন। তবে এআই যেন ভারতবাসীর সেবায় লাগে, এমনটা নিশ্চিত করতে চান প্রধানমন্ত্রী।” ভারতে এআই প্রযুক্তির ক্ষেত্রে বিনিয়োগ করেছে গুগল, একথা জানান সুন্দর পিচাই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর “মেক ইন ইন্ডিয়া” স্বপ্ন দেখেছিলেন। অর্থাৎ ভারতে উৎপাদন হবে এবং সেই সমস্ত প্রোডাক্ট বিক্রি হবে বিশ্বজুড়ে। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে বিভিন্ন বিদেশি কোম্পানিগুলিকে ভারতের ব্যবসা করার জন্য আবেদন জানান তিনি। সেক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল কেন্দ্র।




