ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানির জন্য বড় দুঃসংবাদ! দ্বিতীয় প্রান্তিকে দেশের অর্থনীতিতে অপ্রত্যাশিত পতন! মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকের তুলনায় জুন প্রান্তিকে 0.1 শতাংশ কমে গিয়েছে জার্মানির জিডিপি। এই সময়ের মধ্যে আশা করা হয়েছিল, জিডিপি 0.1 শতাংশ বৃদ্ধি পাবে। কিন্তু হল ঠিক তার উল্টো। প্রথম ত্রৈমাসিকে জার্মান অর্থনীতিতে সামান্য সম্প্রসারণ হয়েছিল। তাতে আশা জেগেছিল। কিন্তু দ্বিতীয় প্রান্তিকের পারফরম্যান্স বলছে আবারও দেশে মন্দা দেখা দিতে পারে। উল্লেখ্য, প্রযুক্তিগতভাবে পরপর দুই প্রান্তিকে একটি পতনকে মন্দা হিসেবে চিহ্নিত করা হয়।
মজার ব্যাপার হল, ইউরোজোনের জিডিপি দ্বিতীয় প্রান্তিকে 0.3 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে জার্মানির প্রতিবেশী দেশগুলোর পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল। জার্মানির এই পরিস্থিতির জন্য চিনের অর্থনীতিকেই অনেকাংশে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন ক্ষেত্রে লড়াই করছে চিনের অর্থনীতি। তবে জার্মানিরও নিজস্ব অনেক সমস্যা রয়েছে। এই দেশে দক্ষ শ্রমিকের অভাব দেখা দেওয়ার পাশাপশি বিদ্যুতের দাম উচ্চ পর্যায়ে পৌঁছেছে।
তবে জার্মানির অর্থনীতি মন্থর হওয়ার খবর ভারতের জন্য বেশ সুখকর। বর্তমানে আমেরিকা এবং চিনের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জার্মানি। এই তালিকায় জাপান রয়েছে চতুর্থ স্থানে। আর ভারত রয়েছে পাঁচ নম্বরে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তাঁর তৃতীয় মেয়াদে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত। জার্মানির অবস্থা যেভাবে খারাপ হচ্ছে, তাতে নিজের লক্ষ্যে পৌঁছতে ভারতকে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। বিশ্বের প্রধান অর্থনীতির মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ভারতের অর্থনীতি।
ফোর্বসের মতে, বর্তমানে 28.783 ট্রিলিয়ন ডলার নিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতি আমেরিকা। 18.536 ট্রিলিয়ন ডলার নিয়ে চিন রয়েছে দ্বিতীয় স্থানে। জার্মানি 4.590 ট্রিলিয়ন ডলার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এবং জাপান 4.112 ট্রিলিয়ন নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। ভারতের অর্থনীতির আকার বর্তমানে ৩.৯৪২ ট্রিলিয়ন ডলার। আশা করা যায়, আগামী 2027 সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত।
Article By – আস্তিক ঘোষ






