Article By – সুনন্দা সেন

ভারতে আবারও সিগারেটের দামে বড় বৃদ্ধি দেখা গেল। নতুন এক্সাইজ ডিউটি ও কর কাঠামো চালুর পর ITC Limited-সহ বিভিন্ন কোম্পানি Gold Flake, Classic ও অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডের দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ফলে ধূমপায়ীদের মাসিক খরচও বেড়ে যাচ্ছে। এর আগে ফেব্রুয়ারির শুরুতেই সরকার নতুন কর কাঠামো চালু করে, যেখানে GST-এর উপর অতিরিক্ত এক্সাইজ ডিউটি যোগ হয়েছে। ফলে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকের দাম কমপক্ষে ২২ টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে বলে ডিস্ট্রিবিউটররা জানিয়েছেন।
রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক মূল্যবৃদ্ধিতে কিছু প্রিমিয়াম ক্যাটাগরির সিগারেটের দাম ১৯% থেকে ৪১% পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন Gold Flake-এর ১০ স্টিকের প্যাক প্রায় ২৪০ টাকা, আর Classic-এর ২০ স্টিকের প্যাকের দাম প্রায় ৪৮০ টাকায় পর্যন্ত পৌঁছেছে। একইভাবে Classic Connect (Slim) ২০ স্টিকের প্যাক প্রায় ৩৬০ টাকা হয়েছে। বিশেষ করে লম্বা ও প্রিমিয়াম সিগারেটের ওপর বেশি কর বসানো হয়েছে। যেমন ৮৪ মিমি ক্যাটাগরির Gold Flake Lights বা Classic-এর মতো ব্র্যান্ড আগে যেখানে প্রায় ১৭০ টাকা ছিল, সেখানে নতুন দামে তা ২২০ টাকা – ২২৫ টাকা পর্যন্ত উঠতে পারে বলে অনুমান করা হয়েছিল। Slim ক্যাটাগরির Classic Connect-এর মতো সিগারেটও আগের ৩০০ টাকা থেকে প্রায় ৩৫০ টাকার কাছাকাছি পৌঁছায়।
সরকারি সূত্র বলছে, নতুন কর ব্যবস্থা সিগারেটের দৈর্ঘ্য অনুযায়ী নির্ধারিত হচ্ছে — অর্থাৎ স্টিক যত বড়, কর তত বেশি। এই ব্যবস্থার ফলে প্রিমিয়াম ও কিং-সাইজ সিগারেটের দাম দ্রুত বাড়ছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির প্রধান উদ্দেশ্য হলো রাজস্ব বাড়ানো এবং জনস্বাস্থ্য নীতির অংশ হিসেবে তামাক ব্যবহার নিরুৎসাহিত করা। একই সঙ্গে বাজারে দামের এই বৃদ্ধির কারণে অবৈধ বা চোরাই সিগারেটের ঝুঁকিও বাড়তে পারে বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন। অর্থাৎ নতুন কর কাঠামো চালুর পর ভারতে ধূমপান এখন আগের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠছে এবং আগামী দিনে আরও দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।




