Article By – সুনন্দা সেন

আন্তর্জাতিক রেটিং সংস্থা Moody’s Ratings পূর্বাভাস দিয়েছে যে ২০২৬-২৭ অর্থবর্ষে (FY27) ভারতের বাস্তব জিডিপি বৃদ্ধি হবে ৬.৪%। যা বিশ্বের G20 দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও মন্থরতার মধ্যেও ভারতের এই প্রবৃদ্ধির হার দেশটির অর্থনীতির ভিত যে এখনও যথেষ্ট শক্তিশালী, তা স্পষ্ট করে তুলছে। Moody’s জানিয়েছে, ভারতের অর্থনৈতিক বৃদ্ধির মূল চালিকাশক্তি হবে শক্তিশালী ঘরোয়া চাহিদা, সরকারি নীতিগত সহায়তা এবং তুলনামূলকভাবে স্থিতিশীল আর্থিক ব্যবস্থা। বিশেষ করে কর কাঠামোর উন্নতি, ভোক্তাদের হাতে অতিরিক্ত নগদ এবং অবকাঠামো খাতে সরকারি বিনিয়োগ অর্থনীতিকে গতি দেবে বলে তাদের মত।
রিপোর্টে বলা হয়েছে, যদিও চলতি অর্থবছরে ভারতের GDP বৃদ্ধি আরও বেশি, প্রায় ৭%- এরও উপরে থাকতে পারে। তবুও ২০২৬-২৭ অর্থবছরে সামান্য শ্লথতা এলেও ৬.৪%- এর হার বিশ্বব্যাপি মানদণ্ডে অত্যন্ত শক্তিশালী। যেখানে বহু উন্নত অর্থনীতি ২%- এরও কম বৃদ্ধির সাথে লড়াই করছে, সেখানে ভারতের এই অবস্থান তাকে দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতির তালিকায় শীর্ষে রাখছে। Moody’s আরও জানিয়েছে, ভারতের ব্যাংকিং খাত মজবুত অবস্থানে রয়েছে, ঋণ বিতরণে গতি বজায় আছে এবং কর্পোরেট ব্যালান্স শিট আগের তুলনায় অনেক স্বাস্থ্যকর। যদিও কিছু MSME খাতে চাপ থাকতে পারে, তবুও সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা নিয়ে সংস্থাটি আশাবাদী।
বিশেষজ্ঞদের মতে, এই পূর্বাভাস বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা। কারণ, উচ্চ প্রবৃদ্ধি মানে আগামী দিনে বিনিয়োগ, কর্মসংস্থান ও ভোক্তা ব্যয়ের সুযোগ আরও বাড়বে। একই সঙ্গে সরকার ও রিজার্ভ ব্যাংকের নীতিগত স্থিতিশীল অবস্থা ভারতের অর্থনীতিকে বিশ্ব মঞ্চে আরও বিশ্বাসযোগ্য করে তুলছে। তারা আরও বলে Moody’s-এ দ্বারা প্রকাশিত রিপোর্ট বলছে—বিশ্ব অর্থনীতি যতই চাপে থাকুক না কেন, ভারত এখনও তার প্রবৃদ্ধির গতি ধরে রাখছে এবং আগামী কয়েক বছরেও G20 দেশগুলোর মধ্যে দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে নিজের অবস্থান বজায় রাখার সম্ভাবনা প্রবল।




