Article By – সুনন্দা সেন

ভারতের অর্থনীতির দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে দেশের ব্যক্তিগত সম্পদও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। উচ্চ নেট-ওয়ার্থ ব্যক্তি বা HNI (High Networth Individual) এবং আল্ট্রা HNI-দের সংখ্যা গত কয়েক বছরে দ্রুত বৃদ্ধি পেয়েছে। শেয়ারবাজারের উত্থান, স্টার্টআপ ও IPO-তে সাফল্য, প্রযুক্তি খাতের সম্প্রসারণ সব মিলিয়ে নতুন ধনী শ্রেণীর উত্থান দ্রুত ঘটেছে। আর এই বাড়তি সম্পদের একটি বড় অংশ এখন বিলাসবহুল রিয়েল এস্টেটের দিকে প্রবাহিত হচ্ছে। তাই ভারতের বাড়ন্ত সম্পদ একণ শহরের প্রিমিয়াম আবাসনের চাহিদাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।
সাম্প্রতিক প্রকাশিত এক প্রতিবেদনে প্রকাশ হয়েছে যে প্রিমিয়াম লোকেশনে উচ্চমূল্যের বাড়ির চাহিদা গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ১০ কোটি টাকা বা তার বেশি মূল্যের আবাসনের বিক্রি বড় শহরগুলোতে নতুন রেকর্ডের স্তর ছুঁয়েছে। মুম্বাই, দিল্লি-NCR, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদের মতো শহরগুলিতে বিলাসবহুল প্রকল্পে বিনিয়োগকারীদের আগ্রহ স্পষ্টভাবে চোখে পড়ছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, অর্থনীতি শক্তিশালী থাকলে এবং উচ্চ আয়ের মানুষের সংখ্যা বাড়তে থাকলে বিলাসবহুল রিয়েল এস্টেটের এই উত্থান আগামী দিনেও অব্যাহত থাকবে।
বিশেষজ্ঞদের মতে, বিলাসবহুল বাড়ি এখন আর শুধুমাত্র সামাজিক মর্যাদার প্রতীক নয়। যা মূলধন সুরক্ষা এবং ভবিষ্যতে মূল্যবৃদ্ধির সম্ভাবনা দুটোই সম্পদ হিসেবে ধরেছেন। প্রিমিয়াম লোকেশনের জমির সীমিত সরবরাহের কারণে এই ধরনের সম্পত্তির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে এবং সময়ের সঙ্গে বৃদ্ধি পায়। ফলে বাজারের ওঠানামার মধ্যে অনেকের কাছে এটি একটি নিরাপদ বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে। বিদেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যেও বিলাসবহুল সম্পত্তি কেনার প্রবণতা বেড়েছে। রুপির বিনিময় হার এবং ভারতের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সম্ভাবনা NRI বিনিয়োগকে আরও উৎসাহ দিচ্ছে।
অনেকেই ভবিষ্যতে দেশে ফিরে আসার পরিকল্পনা মাথায় রেখে প্রিমিয়াম আবাসন কিনছেন। একইসঙ্গে বদলাচ্ছে ক্রেতাদের চাহিদা। আজকের বিলাসবহুল বাড়ি মানে শুধু বড় আয়তন নয়, বরং স্মার্ট হোম প্রযুক্তি, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, প্রাইভেট সুবিধা এবং আন্তর্জাতিক মানের অবকাঠামো। ক্রেতারা এখন জীবনযাত্রার মান এবং ব্যক্তিগত গোপনীয়তাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। অর্থনীতিবিদদের মতে, বিলাসবহুল রিয়েল এস্টেটে এই জোয়ার দেশের আর্থিক আত্মবিশ্বাসের প্রতিফলন। যার ইতিবাচক প্রভাব পড়ছে নির্মাণ শিল্প, কর্মসংস্থান এবং সংশ্লিষ্ট নানা খাতে।




