Article By – সুনন্দা সেন

সরকারি তথ্য অনুসারে, শহরাঞ্চলে ১৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের শ্রমশক্তির অংশগ্রহণের হার বা লেবার ফোর্স পার্টনারশিপ রেট (LFPR) ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বেড়ে ৫০.৪% হয়েছে। যা এক বছর আগের একই সময়ের ৪৯.৯% ছিল। মঙ্গলবার অর্থাৎ আজ জাতীয় পরিসংখ্যান অফিস বা NSO কর্তৃক প্রকাশিত সর্বশেষ পিরিওডিক লেবার ফোর্স সার্ভে (PLFS) দেখিয়েছে যে শহরাঞ্চলে পুরুষদের মধ্যে শ্রমশক্তির অংশগ্রহণের হার অক্টোবর-ডিসেম্বর ২০২৪ ত্রৈমাসিকে ৭৫.৪%-এ উন্নীত হয়েছে। যা গত বছরের একই সময়ের ৭৪.১% ছিল।
এবার যদি শহরাঞ্চলের মহিলাদের ক্ষেত্রে বলা হয় তবে, তাদের LFPR একই সময়ের মধ্যে ২৫% থেকে সামান্য বৃদ্ধি পেয়ে ২৫.২% হয়েছে। শহরাঞ্চলে শ্রমিক জনসংখ্যা অনুপাত বা WPR (ওয়ার্ক পপুলেশন রেসিও) ও উন্নত রেকর্ড করেছে। যা ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ৪৬.৬% থেকে বেড়ে ৪৭.২% হয়েছে। পুরুষদের জন্য WPR ৬৯.৮% থেকে বেড়ে ৭০.৯% হয়েছে। যেখানে মহিলাদের ক্ষেত্রে এটি তুলনামূলকভাবে অপরিবর্তিত রয়েছে।
এদিকে, শহরাঞ্চলে বেকারত্বের হার ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে সামান্য হ্রাস পেয়ে ৬.৪% হয়েছে। যা ২০২৩ সালের একই সময়ের ৬.৫% ছিল। পুরুষদের ক্ষেত্রে বেকারত্বের হার ৫.৮%-এ স্থিতিশীল রয়েছে। যেখানে মহিলাদের ক্ষেত্রে এটি এক বছর আগের ৮.৬% থেকে কমে ৮.১% হয়েছে। শহরাঞ্চলে ত্রৈমাসিক ফ্রিকোয়েন্সিতে গুরুত্বপূর্ণ কর্মসংস্থান এবং বেকারত্ব সূচক প্রদানের জন্য NSO দ্বারা এপ্রিল, ২০১৭ সালে PLFS চালু করা হয়েছিল। সর্বশেষ জরিপে ৫,৭৪২ টি আরবান নমুনা ইউনিট অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে ৪৫,০৭৪টি আরবান ফ্যামিলি এবং ১,৭০,৪৮৭ জন ব্যক্তির জরিপ করা হয়েছে।
জরিপে শ্রমশক্তি বা লেবার ফোর্সে অংশগ্রহণের হারকে কর্মরত অথবা সক্রিয়ভাবে কাজ খুঁজছেন এমন ব্যক্তিদের হার (শতাংশ), শ্রমিক জনসংখ্যার অনুপাতকে জনসংখ্যায় নিযুক্ত ব্যক্তিদের শতাংশ এবং বেকারত্বের হারকে শ্রমশক্তির মধ্যে বেকার ব্যক্তির অনুপাত হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই ফলাফলগুলি শ্রমবাজারের অবস্থার ক্রমাগত পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়। বিশেষ করে শহরাঞ্চলে, অংশগ্রহণের হার বৃদ্ধি এবং বেকারত্বের মাত্রায় সামান্য হ্রাসের সাথে।




