কেন্দ্রীয় বাজেটের (Budget) আগে “হালুয়া” সেরিমনিতে অংশগ্রহণ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট তৈরির প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়কে চিহ্নিত করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন হালুয়া খাইয়ে বাজেট (Budget) তৈরির নেপথ্যে থাকা অর্থ মন্ত্রকের কর্মী ও কর্মচারীদের মিষ্টিমুখ করান অর্থমন্ত্রী। বাজেট (Budget) তৈরির প্রক্রিয়া ‘লক-ইন’-এ যাওয়ার আগে প্রতি বছর নিয়ম করে এই অনুষ্ঠান পালন করা হয়।
হালুয়া অনুষ্ঠান হল ভারতের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। মূলত বাজেটের আগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এর অর্থ হল, বাজেট তৈরির কাজ শেষ করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ। হালুয়া আসলে বাজেটে মিষ্টি ফলাফলের আশার প্রতীক। বাজেট প্রক্রিয়ার সফল সমাপ্তি উদযাপন করতেই এই আয়োজন।
এদিনের হালুয়া অনুষ্ঠানে অর্থমন্ত্রী ছাড়াও মন্ত্রকের অন্যান্য সদস্যরা যেমন – সিইএ ভি অনন্ত নাগেশ্বরন, অর্থ সচিব টি ভি সোমানাথন, ডিইএ সচিব অজয় শেঠ উপস্থিত ছিলেন। আগামী 23 জুলাই তার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম পূর্ণ বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার। এই বাজেট যে ঐতিহাসিক হতে চলেছে, তার আভাস আগেই দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
লোকসভা নির্বাচনের কারণে ফেব্রুয়ারিতে পেশ করা শেষ বাজেটটি ছিল কেবলমাত্র ভোটের ভিত্তিতে। সূত্র বলছে, এবার সরকারের পুরো ফোকাস থাকবে কর্মসংস্থানের পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে। 2047 সাল পর্যন্ত ‘উন্নত ভারত’-এর লক্ষ্যে একটি রোডম্যাপও প্রকাশ করা হতে পারে আসন্ন বাজেটে। সবার চোখ এই বাজেটের দিকেই। আশা করা হচ্ছে, এই বাজেট দেশের ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।
Article By – আস্তিক ঘোষ






