Article By – সুনন্দা সেন

দেশের বাজারে গমের দাম স্থিতিশীল রাখতে বড় সিদ্ধান্ত নিল ভারত (India)। কেন্দ্রীয় সরকার সীমিত পরিমাণে প্রায় ২৫ লক্ষ টন গম রপ্তানির অনুমতি দিয়েছে। ভারত সরকারের এই পদক্ষেপের লক্ষ্য একদিকে কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করা, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে ভারতের উপস্থিতি বজায় রাখা। সরকারি সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে দেশের গমের উৎপাদন ভালো হলেও কিছু রাজ্যে সরবরাহ ও চাহিদার ভারসাম্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা না রেখে নিয়ন্ত্রিত রপ্তানি অনুমোদনের পথ বেছে নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে এখন গমের চাহিদা বেশ জোরালো। ইউরোপ ও কিছু এশীয় দেশে আবহাওয়ার কারণে উৎপাদন কম হওয়ায় ভারতীয় গমের জন্য নতুন ব্যবসায়ীক সুযোগ তৈরি হয়েছে। ফলে সীমিত রপ্তানি করলে কৃষকেরা ভালো দাম পাবেন এবং রপ্তানি থেকে প্রাপ্ত আয়ও বাড়বে। অন্যদিকে, খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সরকারি সংস্থা ‘ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার’ গুদামে পর্যাপ্ত মজুত রাখা হচ্ছে। আর নজর রাখা হচ্ছে যাতে বাজারে অতিরিক্ত চাপ না পড়ে এবং দেশীয় মজুতও নিরাপদ থাকে – এই দুটো দিকই মাথায় রাখা হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, এই সিদ্ধান্ত একধরনের “ব্যালেন্স স্ট্র্যাটেজি”। পুরো রপ্তানি বন্ধ রাখলে কৃষকের ক্ষতি হত, আবার পুরোপুরি রপ্তানি পোর্টাল খুলে দিলে দেশের বাজারে দাম বেড়ে যেত। তাই সীমিত কোটার মাধ্যমে দুই দিকই সামলানোর চেষ্টা করা হচ্ছে। ব্যবসায়ী মহল বলছে, এই ঘোষণার ফলে আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে আবার ভারতীয় গমের প্রতি আগ্রহ বাড়তে পারে। তবে তারা এটাও মনে করছে; ভবিষ্যতে আবহওয়া ও উৎপাদনের ওপর নির্ভর করে সরকার নীতি বদলাতে পারে।




