Article By – সুনন্দা সেন

ভারতে ব্যাংক আমানতের বিমা সুরক্ষা (Deposit Insurance) বর্তমানে প্রতি আমানতকারী প্রতি ব্যাংকে ৫ লক্ষ টাকা পর্যন্ত সীমাবদ্ধ। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যাচ্ছে যে কেন্দ্র সরকার ও ডিপোজিট ইন্স্যুরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন এই সীমা বাড়িয়ে ৭.৫ লক্ষ টাকা করার সম্ভাবনা খতিয়ে দেখছে। এখনও কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি, তবে বিষয়টি নীতিনির্ধারণী স্তরে আলোচনাধীন বলে জানা গেছে। তবে এই সময়ে যে প্রশ্ন সকলের মাথায় ঘুরছে তা হলো, কেন এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ?
এই বিমা সুরক্ষা পরিচালনা করে DICGC, যা RBI-এর সম্পূর্ণ মালিকানাধীন একটি সংস্থা। কোনও ব্যাংক দেউলিয়া হয়ে গেলে বা গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যর্থ হলে DICGC নির্ধারিত সীমা পর্যন্ত আমানত ও সুদের অর্থ সুরক্ষিত রাখে। এছাড়া RBI ও DICGC বর্তমানে এই বিমা সুরক্ষা ৫ লক্ষ টাকা করেছে। যা ২০২০ সালে তা ১ লক্ষ টাকা ছিল। আবার এই সীমা ৭.৫ লক্ষে উন্নীত করার কথা চলছে, যা মধ্যবিত্ত ও প্রবীণ আমানতকারীদের জন্য সুরক্ষা আরও বাড়াবে।
আসলে সাম্প্রতিক বছরগুলিতে কয়েকটি সমবায় ব্যাংকে আর্থিক সংকট দেখা যাওয়ার পর আমানত সুরক্ষা বিষয়টি আলোচনায় এসেছে। আমানত বিমার সীমা বৃদ্ধি হলে ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও শক্তিশালী হবে এবং গ্রাহকদের সঞ্চয়ের অঙ্ক ও প্রবণতা বাড়বে। এছাড়াও বর্তমানে DICGC প্রায় ৯৭.৬% ব্যাংক অ্যাকাউন্টকে কভার করলেও মোট আমানতের মূল্যের মাত্র ৪১.৫% বিমার আওতায় আসে। সীমা বাড়ালে সেই অনুপাতও বাড়তে পারে।




