Article By – সুনন্দা সেন

২৫ মার্চ, ২০২৫ (মঙ্গলবার) লোকসভা ৩৫টি সরকারি সংশোধনী সহ ফাইন্যান্স বিল, ২০২৫ পাস করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ সংসদে সংশোধিত ফাইন্যান্স বিল, ২০২৫ উপস্থাপন করেন। যাতে মূলত বাজেট, ২০২৫-এ প্রস্তাবিত প্রস্তাবগুলির অনুমোদন চাওয়া হয়েছে। সংশোধনীর মধ্যে রয়েছে অনলাইন বিজ্ঞাপনের উপর ৬% ডিজিটাল কর (Digital tax) বাতিল করা। যা গুগল ট্যাক্স (Google Tax) নামে পরিচিত। অর্থমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থার অনিশ্চয়তার সাথে মোকাবেলার জন্য অনলাইন বিজ্ঞাপনের উপর সমীকরণ শুল্ক বাতিল করা হবে।
সীতারামন ১ ফেব্রুয়ারি মোট ৫০.৬৫ ট্রিলিয়ন টাকার ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেন। যা চলতি অর্থবছরের তুলনায় ৭.৪% বেশি। পাশাপাশি তিনি বলেন ফাইন্যান্স বিল, ২০২৫ করদাতাদের সম্মান জানাতে অভূতপূর্ব কর ছাড় প্রদান করবে। বাজেট নথি অনুসারে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট মূলধন ব্যয়ের আনুমানিক পরিমাণ ১১.২২ ট্রিলিয়ন টাকা। এছাড়া বাজেটে ৪২.৭০ ট্রিলিয়ন টাকার মোট কর রাজস্ব আদায় এবং ১৪.০১ ট্রিলিয়ন টাকা মোট ঋণ (borrowing) গ্রহণের প্রস্তাব করা হয়েছে। ২০২৬ অর্থবছরে সেন্ট্রালি স্পন্সার্ড স্কিমগুলির জন্য ৫,৪১,৮৪০.২১ কোটি বরাদ্দ করা হয়েছে, যা চলতি বছরের জন্য ৪,১৫,৩৫৬.২৫ কোটি টাকা বরাদ্দকৃত অর্থের থেকে বেশি।
চলতি অর্থবছরের ৪.৮%-এর বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য রাজস্ব ঘাটতি ৪.৪%-এ পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী অর্থবছরের GDP ৩,৫৬,৯৭,৯২৩ কোটি হবে বলে অনুমান করা হয়েছে। যা ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস বা NSO কর্তৃক প্রকাশিত ২০২৪-২৫ অর্থবছরের জন্য সংশোধিত প্রাক্কলন (Revised Estimates) বা RE-এর ৩,২৪,১১,৪০৬ কোটি টাকায় চেয়ে ১০.১% বেশি। ২০২৫ সালের অর্থ বিল পাস হওয়ার সাথে সাথে বাজেট অনুমোদন প্রক্রিয়ায় লোকসভার ভূমিকা শেষ হয়েছে। বিলটি এখন বিবেচনার জন্য রাজ্যসভায় পাঠানো হবে। রাজ্যসভা বিলটি অনুমোদনের পর, ২০২৫-২৬ সালের বাজেট প্রক্রিয়া সম্পন্ন হবে।




