Article By – সুনন্দা সেন

ভারতের বৈদেশিক বাণিজ্য নীতিতে বড় ধরনের গতি আনছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গয়াল জানিয়েছেন, আগামী ৯ থেকে ১০ মাসের মধ্যে ভারত মোট ৯টি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা FTA কার্যকর করতে চলেছে। পাশাপাশি আরও ৩ থেকে ৪টি নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে। এই ঘোষণা ভারতের বৈশ্বিক বাণিজ্য কৌশলে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরেই ভারত নতুন মার্কেট খুঁজছে রপ্তানি বৃদ্ধির জন্য।
আবার সরকারের পরিকল্পনা বলছে, যে ৯টি FTA কার্যকর হতে চলেছে। সেগুলো মূলত আগেই স্বাক্ষরিত চুক্তি। এখন শুধু বাস্তবায়নের প্রক্রিয়া বাকি। এই চুক্তিগুলো কার্যকর হলে ভারতের রপ্তানি পণ্যের জন্য একাধিক দেশে শুল্ক হ্রাস পাবে এবং বাজার প্রবেশ সহজ হবে। অন্যদিকে নতুন ৩-৪টি সম্ভাব্য FTA নিয়ে আলোচনা চলছে বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল অর্থনীতির সঙ্গে। সরকারের লক্ষ্য ভারতের তৈরি পণ্য, প্রযুক্তি, পরিষেবা এবং কৃষিপণ্যকে আরও বেশি করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া। তাই আগামী এক বছর ভারতের বাণিজ্য কূটনীতির জন্য অত্যন্ত গুরুত্বপর্ণ সময় হতে চলেছে।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ভারতের জন্য একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে। দ্বিতীয়ত, ম্যানুফ্যাকচারিং খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ বাড়বে। তৃতীয়ত, রপ্তানি বৃদ্ধি পেলে কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে একই সঙ্গে চ্যালেঞ্জও রয়েছে। কারণ FTA কার্যকর হলে বিদেশি পণ্য ভারতের বাজারে আরও সহজে প্রবেশ করতে পারবে, যা কিছু স্থানীয় শিল্পের ওপর প্রতিযোগিতার চাপ তৈরি করতে পারে। তাই সরকারকে ভারসাম্য বজায় রেখে নীতি নির্ধারণ করতে হবে। বর্তমানে ভারত ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, উপসাগরীয় দেশসহ একাধিক অঞ্চলের সঙ্গে বাণিজ্য আলোচনা চালাচ্ছে।




