Article By – সুনন্দা সেন

ভারতে রান্না গ্যাস বা LPG সরবরাহ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশে দীর্ঘমেয়াদি LPG মজুতের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চাহিদা মেটাতে ভারতকে বড় মাত্রায় বিদেশী আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে। বর্তমানে ভারতে প্রায় ৩০ কোটিরও বেশি পরিবার রান্নার জন্য LPG ব্যবহার করে। বিশেষ করে কেন্দ্রের প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা চালু হওয়ার পর গ্রামীণ এলাকায় LPG ব্যবহার অনেক বেড়েছে। এর ফলে গত কয়েক বছরে দেশের LPG চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে।
অবশ্য দেশের উৎপাদন এই বিশাল চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট নয়। বিভিন্ন শিল্প সংস্থার হিসাব অনুযায়ী, ভারতে বছরে প্রায় ৩০ থেকে ৩১ মিলিয়ন টন LPG প্রয়োজন হলেও দেশের নিজস্ব উৎপাদন মাত্র ১৩ মিলিয়ন থেকে ১৪ মিলিয়ন টনের কাছাকাছি। ফলে মোট চাহিদার প্রায় ৬০%-এরও বেশি LPG বিদেশ থেকে আমদানি করতে হয়। সাথে আরও বড় সমস্যা হিসেবে উঠে আসছে, LPG সংরক্ষণের ক্ষমতা।
ভারতে বর্তমানে যে পরিমাণ LPG স্টোরেজ বা মজুদ রাখার ব্যবস্থা রয়েছে, তা দিয়ে মাত্র ২০-২২ দিনের চাহিদা মেটাতে পারবে। কারণ মোট LPG স্টোরেজ দাঁড়িয়ে রয়েছে ১.৯ মিলিয়ন টনে। ভারত যে LPG আমদানি করে তার বেশিরভাগ আসে মধ্যপ্রাচ্য অর্থাৎ UAE, কাতার, সৌদী আরব, ইরান থেকে। আর আমদানি জাহাজ দ্বারা সম্পন্ন হয় এবং বেশিরভাগই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। যদি সেখানে যুদ্ধ বা জাহাজ চলাচলে সমস্যা হয়, তাহলে সরবরাহে চাপ পড়ে।
বর্তমানে চাপ তেমন না থাকলেও যুদ্ধ বেশিদিন চললে ক্রুড অয়েল সাপ্লাই, LPG আমদানি বাঁধার মুখে পড়তে পারে। যে কারণে ভারত অপরিশোধিত পণ্যের বাজার পর্যবেক্ষ করার সাথে বিকল্প খুজছেন। ভারত বর্তমানে আমেরিকা, নরওয়ে, রাশিয়া ইত্যাদি দেশ থেকেও LPG আনছে। আর উত্তেজনার কারণে গৃহস্থালির LPG আগে দিচ্ছে এবং হোটেল ও শিল্প খাতে সরবরাহ কিছুটা কমাচ্ছে।




