Article By – সুনন্দা সেন

৩ সেপ্টেম্বর, ২০২৫- এ GST কাউন্সিল তাদের ৫৬তম সভায় নেক্সট প্রজন্মের GST সংস্কারের ঘোষণা করেছে। বর্তমানের চার স্তরীয় কাঠামো ৫%, ১২%, ১৮% এবং ২৮% থেকে সরল করে ৫% এবং ১৮% করে দুই-স্তরীয় কাঠামো করা হয়েছে। এদিকে উচ্চমানের গাড়ি, তামাক এবং সিগারেটের মতো কয়েকটি নির্দিষ্ট পণ্যের জন্য একটি বিশেষ ৪০%-এর স্ল্যাব চালু করা হচ্ছে বলে জানিয়েছে। আর এই নতুন GST হারগুলি ২২ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে। GST ব্যবস্থায় বেশকিছু পণ্যের ক্ষেত্রে GST হারের স্ল্যাব পরিবর্তন হয়েছে, বেশকিছু আবার একই স্ল্যাবে রয়ে গেছে এবং কিছুর ক্ষেত্রে GST হার শূণ্যে নেমে এসেছে। এমন অবস্থায় সোনা ও রুপোর উপর GST হার কত?
GST ব্যবস্থা ১ জুলাই, ২০১৭ তারিখে চালু হওয়ার পর থেকে সবচেয়ে বড় সংস্কারের সম্মুখীন হয়েছে। অবশ্য এর ফলে সাধারণ মানুষের স্বস্তি হওয়ার সাথে কিছু জিনিসের ক্ষেত্রে GST হার একই থাকায় কোনো চিন্তা বাড়েনি। যেমন সোনা ও রুপোর গয়নার উপর GST ৩%-এ অপরিবর্তিত থাকবে এবং মেকিং চার্জের উপর অতিরিক্ত ৫% থাকবে। এদিকে সোনার কয়েন এবং করগুলিতে ৩% GST অব্যাহত থাকবে। অর্থাৎ GST 2.0- এর সংস্কারগুলি সোনার মুদ্রার চাহিদার উপর সরাসরি প্রভাব ফেলবে না। তবে GST হার কমানোর ঘোষণার পর MCX গোল্ড ফিউচার ১%-এরও বেশি হ্রাস পেয়েছে। কারণ নতুন GST স্ল্যাব বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে বিনিয়োগে আস্থা যোগান দিয়েছে।
তবে গয়না কেনার ক্ষেত্রে আপনাকে প্রতি ১০ গ্রাম সোনার জন্য তার মূল্যের উপর ৩% GST এবং মেকিং চার্জের উপর অতিরিক্ত ৫% GST দিতে হবে। চলুন পয়েন্টের মাধ্যমে হিসাব বুঝে নেওয়া যাক। –
- ১০ গ্রাম ২০ ক্যারেট সোনার দাম – ১,০৬,৫০০ টাকা।
- যদি মেকিং চার্জ মূল্যে ১০% ধরা হয় তবে তা দাঁড়াবে ১০,৬৫০ টাকা।
- সোনার উপর ৩% GST হলে আপনাকে ৩,১৯৫ টাকা দিতে হবে।
- ৫% GST ম্যাকিং চার্জের উপর হলে দিতে হবে ৫৩২.৫ টাকা।
- অর্থাৎ মোট GST দাঁড়াবে (৩,১৯৫+৫৩২.৫)= ৩,৭২৭.৫ টাকা
আর আপনাকে সোনা কেনার সময় খরচ করতে হবে- ১,০৬,৫০০+১০,৬৫০+৩,৭২৭.৫ = ১,২০,৮৭৭.৫ টাকা।




