যে-কোনো বিনিয়োগের আগে সেই বিষয় সম্পর্কে বিনিয়োগকারীরা জেনে নেন এবং তারপর বিনিয়োগ সিদ্ধান্ত নেন। মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগও এর ব্যতিক্রম নয়। আর তার উপর যদি মার্জের মতো ঘটনা ঘটে তখন বিনিয়োগকারীদের আরও কিছুটা সচেতন থাকতে হয়। আজকের আলোচনায় আমরা দেখে নেব mutual fund merger কী, কেন ফান্ড মার্জ হয়, SEBI-র নিয়মকানুন কী এই বিষয়ে এবং এই পরিস্থিতিতে বিনিয়োগকারীর উপর কী প্রভাব পড়ে।
Mutual fund merger কী?
যখন দুই বা তার বেশি মিউচ্যুয়াল ফান্ড যুক্ত হয়ে একটিমাত্র বড় ফান্ড তৈরি করে, তখন তাকে mutual fund merger বলে। এই একত্রীকরণ, পরিচালনার ক্ষেত্রে কোনো কৌশল হতে পারে অথবা বাজার পরিস্থিতির কারণেও এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। Merger-এর প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হল কার্যকারিতার দক্ষতা বাড়ানো, খরচ কমানো, এবং ফান্ড অফারিং সহজ করা। ফান্ড মার্জ হওয়ার পর বিনিয়োগকারীরা নতুন মার্জ হওয়া ফান্ডের শেয়ারও পেতে পারেন, যাতে তাঁদের মোট বিনিয়োগের মূল্য বেড়ে যেতে পারে।
কেন হয় মার্জার?
বিভিন্ন কৌশলগত ও কার্যগত কারণে মিউচ্যুয়াল ফান্ড মার্জার ঘটে, এবং মার্জারের প্রধান উদ্দেশ্যই থাকে ফান্ডের দক্ষতা বাড়ানো। মার্জার হওয়ার কারণগুলি হল–
- কৌশল পরিবর্তন: ফান্ড ম্যানেজমেন্টের পক্ষ থেকে ফান্ডের স্ট্র্যাটেজি পরিবর্তনের কারণে অনেক সময় মার্জারের সিদ্ধান্ত নেওয়া হয়।
- খরচ কমানো: মার্জারের আরও একটি কারণ হল খরচ। মার্জারের মাধ্যমে একাধিক ফান্ডের অ্যাসেট একত্রিত করা হয় যাতে পরিচালনা সংক্রান্ত এবং ব্যবস্থাপনা সংক্রান্ত খরচ কমে।
- অপ্রয়োজনীয়তা: মিউচ্যুয়াল ফান্ডের মার্জারের আরও একটি কারণ হল অপ্রয়োজনীয় ফান্ড অফারিং বাদ দেওয়া। অনেক ফান্ড কোম্পানিগুলির একই ফান্ড অবজেক্টিভের আলাদা আলাদা ফান্ড পোর্টফোলিও থাকে। যখন এই ফান্ডগুলিকে একত্রিত করা হয় তখন ফান্ডগুলি অনেক সহজ সরল হয় এবং কোম্পানি এবং বিনিয়োগকারী উভয়ের জন্যই বিষয়টি সহজ হয়।
মার্জার সম্পর্কে SEBI-র নিয়মকানুন:
মিউচ্যুয়াল ফান্ডের বিভিন্ন কাজের নিয়ন্ত্রণের জন্য রয়েছে SEBI। মিউচ্যুয়াল ফান্ডের মার্জারের সময় সেবি বেশ কিছু পলিসি নির্ধারণ করে যার মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার পাশাপাশি কাজের স্বচ্ছতা বজায় থাকে। বিনিয়োগকারীদের জানানো হবে মার্জারের কারণ, ফান্ডের অবজেক্টিভ বা উদ্দেশ্যে এই মার্জারের প্রভাব, এবং ফি বা এক্সপেন্সে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেই বিষয়টি। সেবির নিয়ন্ত্রণের উদ্দেশ্য হল বিনিয়োগকারীরা যাতে মার্জার সম্পর্কে জানে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
মিউচ্যুয়াল ফান্ড মার্জার বিনিয়োগকারীদের উপর কী প্রভাব ফেলে?
মার্জার, বিনিয়োগকারীদের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ফান্ড যখন মার্জ হয় সেই সময় নতুন একত্রিত ফান্ডের শেয়ার পেয়ে থাকেন বিনিয়োগকারীরা। ফলে ফান্ড মার্জারের কারণে বিনিয়োগ লক্ষ্য, ঝুঁকি এবং খরচ ইত্যাদিতে কিছু পরিবর্তন আসে। সেইজন্য মার্জারের কারণ কী, ফান্ডে কী কী পরিবর্তন এসেছে ইত্যাদি জানা দরকার বিনিয়োগকারীদের। বেশিরভাগ সময় মিউচ্যুয়াল ফান্ডের মার্জারের উদ্দেশ্য থাকে খরচ কম করা এবং দক্ষতা বৃদ্ধি। তবে তার পরেও বিনিয়োগকারীদের মার্জার সম্পর্কে সতর্ক থাকতে হবে।




