Article By – সুনন্দা সেন

এপ্রিলে মিউচ্যুয়াল ফান্ড SIP বিনিয়োগে সামান্য ধাক্কা। Association of Mutual Funds in India বা AMFI-র প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে SIP (Systematic Investment Plan)-এর মাধ্যমে মোট বিনিয়োগ ৩% কমে দাঁড়িয়েছে ৩১ হাজার ১১৫ কোটি টাকায়। মার্চ মাসে এই অঙ্ক ছিল রেকর্ড ৩২ হাজার ৮৭ কোটি টাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সামান্য পতনকে বড় উদ্বেগ হিসেবে দেখার কারণ নেই। কারণ বছরওয়ারি হিসাবে SIP বিনিয়োগ এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে এবং খুচরো বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়ছে।
AMFI-র তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ড (equity mutual fund)-এ মোট ইনফ্লো কমে হয়েছে প্রায় ৩৮ হাজার ৪৪০ কোটি টাকা। মার্চের তুলনায় এটি প্রায় ৫% কম। বাজারে অস্থিরতা, পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনা, তেলের দাম বৃদ্ধি এবং এপ্রিল মাসে কম কর্মদিবস (working days) কারণেই বিনিয়োগে কিছুটা সতর্কতা দেখা গিয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে আকর্ষণীয় বিষয় হল স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ফান্ডে এখনও বিনিয়োগকারীদের আগ্রহ খুবই বেশি। উচ্চ ঝুঁকি থাকা সত্ত্বেও দীর্ঘমেয়াদি বেশি রিটার্নের আশায় অনেক খুচরো বিনিয়োগকারী এই সেগমেন্টে টাকা ঢালছেন। অন্যদিকে লার্জ ক্যাপ ফান্ডে ইনফ্লো তুলনামূলকভাবে ধীর হয়েছে। বিশেষজ্ঞদের মতে, SIP এখন ভারতের মধ্যবিত্ত বিনিয়োগ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। শেয়ার বাজারে ওঠানামা থাকলেও নিয়মিত মাসিক বিনিয়োগের অভ্যাস দীর্ঘমেয়াদে সম্পদ গঠনে সাহায্য করছে।
এপ্রিল মাসে মোট AUM (mutual fund assets under management)-ও নতুন উচ্চতায় পৌঁছেছে। এর ফলে বোঝা যাচ্ছে, সাময়িক পতন হলেও বিনিয়োগকারীদের আস্থা এখনও বজায় রয়েছে। AMFI আরও জানিয়েছে, নতুন SIP account খোলার সংখ্যাও শক্তিশালী রয়েছে। দীর্ঘমেয়াদি wealth creation-এর জন্য SIP-কে নিরাপদ ও সুরক্ষিত বিনিয়োগ বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন অনেকেই। বিশ্লেষকদের মতে, আগামী কয়েক মাসে যদি বাজারে স্থিতিশীলতা ফেরে এবং সুদের হার ও আন্তর্জাতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তাহলে SIP ইনফ্লো আবার নতুন রেকর্ড গড়তে পারে।




