Article By – সুনন্দা সেন

আগামী সপ্তাহে প্রাথমিক বাজার সময়সূচী ব্যস্ত থাকবে। কারণ দালাল স্ট্রিটে মোট ১০টি পাবলিক ইস্যু আসবে যার মূল্য ১,২৪০ কোটি টাকা। আর আটটি নতুন কোম্পানির শেয়ার বাজারে লিস্টিং সম্পন্ন হবে। মোট ১০টি প্রাথমিক পাবলিক অফারের মধ্যে দুটি, বিক্রান ইঞ্জিনিয়ারিং এবং অ্যানলন হেলথকেয়ার মেইনবোর্ড বিভাগ থেকে আসবে। তবে SME সেগমেন্টে প্রধান পদক্ষেপ দেখা যাবে। মোট আটটি কোম্পানির IPO চালু হবে। প্রথমবারের মতো এদিকে মেইনবোর্ড বিভাগের মোট পাঁচটি কোম্পানি আগামী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে। এর মধ্যে প্যাটেল রিটেইল, বিক্রম সোলার, জেম অ্যারোমাটিক্স এবং শ্রীজি শিপিং গ্লোবাল ২৬শে আগস্ট আত্মপ্রকাশ করবে। তারপরে ২৮শে আগস্ট ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ।
- বিক্রান ইঞ্জিনিয়ারিং এবং অ্যানলন হেলথকেয়ার : এই দুই কোম্পানির IPO ২৬ আগস্ট পাবলিক সাবস্ক্রিপশনের জন্য উন্মুক্ত হবে এবং ২৯ আগস্ট বন্ধ হবে। বিদ্যুৎ সঞ্চালন ও জল পরিকাঠামো পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিক্রান ইঞ্জিনিয়ারিং তাদের আইপিওর মাধ্যমে ৭৭২ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নিয়েছে এবং ফার্মা ইন্টারমিডিয়েটস এবং সক্রিয় ওষুধ উপাদান প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যানলন হেলথকেয়ার পাবলিক ইস্যুর মাধ্যমে ১২১ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে। নির্ধারিত মূল্যসীমা প্রতি শেয়ার ৯২-৯৭ টাকা এবং প্রতি শেয়ার ৮৬-৯১ টাকা।
- NIC ম্যানেজমেন্ট এবং গ্লোবটিয়ার ইনফোটেক: দুই কোম্পানির IPO সাবস্ক্রিবশন ২৫ আগস্ট খোলা হবে এবং ২৮ আগস্ট বন্ধ হবে। নিরাপত্তা ও সুবিধা ব্যবস্থাপনা পরিষেবা প্রদানকারী NIS ম্যানেজমেন্ট ৬০ কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করছে। যেখানে প্রতি শেয়ারের ১০৫-১১১ টাকার মূল্যসীমা নির্ধারণ করেছে। অন্যদিকে IT সলিউশন কোম্পানি গ্লোবটিয়ার ইনফোটেক ৭২ টাকা প্রতি শেয়ারে ৩১ কোটি টাকা সংগ্রহ করতে চায়।
- সত্ত্বা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন এবং কারেন্ট ইনফ্রাপ্রজেক্টস: SME সেগমেন্টের পরবর্তী IPO আসবে। এই দুই কোম্পানির মুল্যসীমা যথাক্রমে শেয়ার প্রতি ৭০-৭৫ টাকা এবং শেয়ার প্রতি ৭৬-৮০ টাকা। সত্ত্বা ইঞ্জিনিয়ারিং IPO- এর মাধ্যমে ৩৫.৪ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যেখানে কারেন্ট ইনফ্রাপ্রজেক্টস ৪১.৮ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
- ওভাল প্রজেক্টস ইঞ্জিনিয়ারিং: এই কোম্পানি ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ৫৪.৯৯ লক্ষ শেয়ারের প্রাথমিক অফারের মাধ্যমে ৪৬.৭৪ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে। আর IPO অফারের মূল্যসীমা প্রতি শেয়ার ৮০-৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সাগস লয়েড, অ্যাব্রিল পেপার টেক এবং স্নেহা অর্গানিকস : এই তিন কোম্পানির IPO সাবস্ক্রিপশনের জন্য উন্মুক্ত হবে ২৯ আগস্ট। বিদ্যুৎ অবকাঠামো পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান সাগস লয়েড প্রতি ৮৫.৬৬ কোটি টাকা সংগ্রহ করছে। যার IPO মূল্যসীমা শেয়ার প্রতি ১১৭-১২৩ টাকা। আবার অ্যাব্রিল পেপার টেক প্রতি শেয়ার ৬১ টাকায় ১৩.৪২ কোটি টাকা সংগ্রহ করতে চায়। অন্যদিকে স্নেহা অর্গানিকস ৩২.৬৮ কোটি টাকা সংগ্রহ করতে চলেছে এবং প্রতি শেয়ারের দাম ১১৫-১২২ টাকা নির্ধারণ করেছে।




