Article By – সুনন্দা সেন

ভারতের বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI) ছোট সংস্থাগুলির শেয়ার বাজারে তালিকাভুক্তি আরও সহজ করতে একাধিক বড় পরিবর্তনের কথা ভাবছে। প্রস্তাবিত সংস্কারের লক্ষ্য হল SME IPO-এর পরিধি বাড়ানো, বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং তালিকাভুক্তির খরচ কমানো। প্রস্তাব অনুযায়ী, বর্তমানে যে সংস্থাগুলির মূল্যায়ন তুলনামূলকভাবে কম, তাদের পাশাপাশি ৪,০০০ কোটি টাকা পর্যন্ত বাজারমূল্যের সংস্থাকেও SME প্ল্যাটফর্মে IPO আনার সুযোগ দেওয়া হতে পারে।
বর্তমানে SME প্ল্যাটফর্ম মূলত অনেক ছোট সংস্থার জন্য ব্যবহৃত হয়। এছাড়াও, শেয়ার কেনাবেচার ক্ষেত্রে ন্যূনতম ট্রেড সাইজ তুলে দেওয়া, মার্কেট-মেকিং এবং আন্ডাররাইটিং সংক্রান্ত কিছু বাধ্যবাধকতা শিথিল করার প্রস্তাব রয়েছে। এর ফলে ছোট সংস্থাগুলির জন্য IPO আনা তুলনামূলকভাবে সহজ এবং কম ব্যয়বহুল হতে পারে। সেবির প্রাইমারি মার্কেট অ্যাডভাইজরি কমিটি ইতিমধ্যেই এই প্রস্তাবগুলি নিয়ে আলোচনা শুরু করেছে। এরপর নিয়ন্ত্রক একটি কনসালটেশন পেপার প্রকাশ করে বাজারের বিভিন্ন পক্ষের মতামত চাইতে পারে।
তবে এগুলি এখনও প্রস্তাবের পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে। পাশাপশি এই উদ্যোগটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ভারতের SME IPO বাজার সাম্প্রতিক বছরগুলিতে দ্রুত বেড়েছে। চলতি বছর এখনও পর্যন্ত প্রায় ১০০টি SME তালিকাভুক্তি হয়েছে, যেখানে ২০২৫ সালে পুরো বছরে এই সংখ্যা ছিল ২৬৭। একই সঙ্গে অতীতে কিছু SME IPO-তে মূল্য কারসাজি ও অনিয়মের অভিযোগও উঠেছে। তাই একদিকে তালিকাভুক্তি সহজ করার পাশাপাশি, অন্যদিকে বিনিয়োগকারীদের সুরক্ষা ও বাজারের স্বচ্ছতা বজায় রাখাও সেবির বড় চ্যালেঞ্জ।




