Article By – সুনন্দা সেন

বিশ্বের অন্যতম বড় প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগ সংস্থা KKR&CO. আগামী দশ বছরে ভারতে প্রায় ২০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করার সম্ভাবনার কথা জানিয়েছে। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা হেনরি ক্রেভিস (Henry Kravis) বলেছেন, ভারতের অর্থনীতির দীর্ঘমেয়াদি সম্ভবনা অত্যন্ত শক্তিশালী এবং আগামী বছরগুলিতে দেশটি বৈশ্বিক বিনিয়োগের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে। যদিও এই বিনিয়োগ ধাপে ধাপে বাস্তবায়িত হবে এবং বাজার পরিস্থিতি, সরকারি নীতি ও প্রকল্পের সুযোগের উপর নির্ভর করবে। তবুও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা যে ভারতের দিকে বাড়ছে, তা স্পষ্ঠ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এনভিসের মতে, ভারতের দ্রুত GDP বৃদ্ধি, বিশাল ভোক্তা বাজার, ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তার এবং অবকাঠামো উন্নয়ন সহ একাধিক বিষয় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করছে। বিশেষ করে রিনাওয়েবেল এনার্জি, পরিবহন ও অবকাঠামো, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, স্বাস্থ্য পরিষেবা, রিয়েল এস্টেট এবং প্রযুক্তি খাতে বড় বিনিয়োগের সুযোগ রয়েছে বলে মনে করছে সংস্থাটি। KKR ইতিমধ্যেই ভারতের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের কৌশল গ্রহণ করেছে, সংস্থাটি সাধারণত এমন প্রকল্পে বিনিয়োগ করে যেখানে দীর্ঘ সময় ধরে স্থিতিশীল আয় এবং বৃদ্ধির সম্ভাবনা থাকে। তাই ভারতের মতো দ্রুত উন্নয়নশীল অর্থনীতিতে তাদের আগ্রহ বাড়ছে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এত বড় সম্ভাব্য বিদেশী বিনিয়োগ শুধু পুঁজির প্রবাহই বাড়াবে না। পাশাপাশি নতুন প্রযুক্তি, দক্ষ উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে। সাথে অবকাঠঅমো ও এনার্জি খাতে বড় ফান্ড এলে দীর্ঘমেয়াদে শিল্প উৎপাদন ও পরিষেবা খাতের বৃদ্ধিও ত্বরান্বিত হতে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, বিশ্বজুড়ে সুদের হার, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বাজারের ওঠানামার মধ্যেও আন্তর্জাতিক বড় ফান্ডগুলির ভারতমুখী আগ্রহ প্রমাণ করে যে দেশের অর্থনৈতিক ভিত্তি স্থিতিশীল রয়েছে। নীতি-সংস্কার, উৎপাদন বাড়ানোর উদ্যোগ এবং ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণ— এই সব পদক্ষেপ বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।




