ক্যাপিটাল মার্কেটে নির্ঝাঞ্ঝাটে বিনিয়োগ করতে হলে ব্রোকার এবং সাব-ব্রোকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন শেয়ার বাজারে বিনিয়োগ করি, তখন আমাদের ব্রোকার ও সাব-ব্রোকারের প্রয়োজন পড়ে। অর্থাৎ তাদের যথাযথ পরিষেবা পাওয়ার জন্য দরকার তাদের নিবন্ধীকরণ। ব্রোকার এবং সাব-ব্রোকারদের অবশ্যই SEBI দ্বারা নিবন্ধীকরণ বা রেজিস্টার্ড হতে হয়। আজকের আলোচনায় আমরা জানব কীভাবে আপনি বুঝবেন আপনার ব্রোকারের SEBI registration number কোনটিএবং কীভাবে ব্রোকারের সঠিক পরিচয় জানবেন।
কীভাবে জানবেন ব্রোকারের SEBI অনুমোদন?
মনে রাখবেন প্রতিটি স্টকব্রোকার সেবি দ্বারা রেজিস্টার্ড কিনা সেটি অবশ্যই তাদের আনুষ্ঠানিক ওয়েবসাইটে লেখা থাকতে হয়। এছাড়াও ব্রোকারটি NSE নাকি BSE-তে নথিভুক্ত রয়েছে সেটি আপনি দেখে নিতে পারেন। যদি ওয়েবসাইটে এই বিষয়গুলি উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে আপনার ব্রোকার সেবির অনুমোদনপ্রাপ্ত। SEBI-র রেজিস্ট্রেশন নম্বর ব্রোকারের পরিষেবার বৈধতা বোঝায়। ব্রোকারের SEBI registration number ‘INB’ দিয়ে শুরু হয়।
অন্যদিকে, আপনি NSE থেকে সাব-ব্রোকারের অনুমোদনপ্রাপ্ত শংসাপত্রের জন্য আবেদন করতে পারেন, এর কারণ হল ব্রোকারকে যেমন নিজের ওয়েবসাইটে SEBI, NSE অথবা BSE-এর রেজিস্টার্ড আইডি প্রদর্শন করতে হয়, সাব-ব্রোকার নিজের পছন্দ অনুযায়ী তাদের আইডি ওয়েবসাইটে লিখতে পারে আবার নাও পারে। অনেক ব্রোকারেজ ফার্মে শুধুমাত্র ব্রোকার কাজ করে, সাব-ব্রোকারের কাজ করা নিষিদ্ধ। Sub-broker-এর ক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন নম্বর ‘INS’ দিয়ে শুরু হয়।
কেন সর্বদা সেবি রেজিস্টার্ড ব্রোকারের পরিষেবা নেওয়া প্রয়োজন?
আপনার বিনিয়োগ যাত্রা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেবি রেজিস্টার্ড ব্রোকারের পরিষেবা অত্যন্ত প্রয়োজনীয়। তার কারণগুলি হল—
→ নিয়ন্ত্রণের বাধ্যবাধকতা: SEBI-র দ্বারা যে মানদণ্ড, ও নিয়মাবলি নির্ধারণ করা হয়েছে সেগুলি যথাযথ পালন করে সেবি রেজিস্টার্ড ব্রোকার। ফলে তাদের পরিষেবা আপনাকে নিশ্চয়তা প্রদান করে যে আপনার বিনিয়োগগুলি সঠিকভাবে পরিচালিত হচ্ছে।
→ স্বচ্ছতা ও দায়িত্ব: যেসব ব্রোকাররা সেবি দ্বারা অনুমোদনপ্রাপ্ত, তারা নিজেদের গ্রাহক বা ক্লায়েন্টের সঙ্গে স্বচ্ছতা বজায় রেখে পরিষেবা প্রদান করে। বিনিয়োগের প্রতিটি পদক্ষেপে যাতে স্বচ্ছতা বজায় থাকে সেই কারণে প্রতিটি ক্ষেত্র বিনিয়োগকারীদের কাছে প্রকাশ করা হয়। যেমন, কী ইনভেস্টমেন্ট, লেনদেন খরচ, কী ঝুঁকি জড়িত ইত্যাদি। যেহেতু তাদেরকে নিজেদের প্রতিটি কাজ বা পরিষেবার জন্য বিনিয়োগকারীদের কাছে জবাব দিতে হয়, তাই গ্রাহকদের সবক্ষত্রে যাতে সুবিধা হয় সেইদিকেই লক্ষ্য থাকে তাদের।
→ বাজারের বিশ্বস্ত তথ্যাদি প্রদান: সেবি রেজিস্টার্ড ব্রোকার প্রায়শই মার্কেটের রিসার্চ রিপোর্ট, অ্যানালাইসিস মার্কেটের গতিবিধি ইত্যাদি গ্রাহককে প্রদান করে থাকে। এই তথ্যের সাহায্যে বিনিয়োগকারীরা সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারেন। ফলে বিনিয়োগে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এছাড়াও অনুমোদনপ্রাপ্ত ব্রোকাররা মার্কেট ট্রেন্ড বোঝার ক্ষেত্রে অভিজ্ঞ হয় এবং সেইভাবেই আপনাকে নির্দেশ দেয়। এতে আপনি বিনিয়োগ সম্পর্কে হটকারী সিদ্ধান্ত এড়াতে পারেন।
→ গ্রাহক অসন্তোষ মেটানো: গ্রাহকের তরফ থেকে ওঠা যেকোনো ধরনের অসন্তোষ বা অভিযোগ সত্ত্বর মেটানোর জন্য সেবি রেজিস্টার্ড ব্রোকারদের কাছে প্রক্রিয়া থাকে। ফলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে পরিষেবা-সংক্রান্ত যে-কোনো ধরনের অসন্তোষ সম্পর্কে সহায়তা পাওয়া যাবে।
→ বিনিয়োগ সচেতনতা তৈরি: বিনিয়োগ-সংক্রান্ত সচেতনতা বা জ্ঞান সবসময়ই দিতে থাকে সেবি রেজিস্টার্ড ব্রোকার, যেটি বিনিয়োগকারীদের জন্য দরকারি একটি দিক। সেমিনার, ওয়ার্কশপ, অনলাইন রিসোর্স ইত্যাদির মাধ্যমে বিনিয়োগকারীদের আর্থিক বাজার সম্পর্কে জ্ঞান বৃদ্ধির দায়িত্ব নিয়ে থাকে সেবি রেজিস্টার্ড ব্রোকার। বাজারের কঠিন পরিস্থিতিতে এই সচেতনতা ও জ্ঞান ঝুঁকি নিয়ন্ত্রণ করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
শেয়ারবাজরে বিনিয়োগের জন্য শুধু ব্রোকার নয় বরং সেবি রেজিস্টার্ড ব্রোকার কেন প্রয়োজন সেই বিষয়ে আমরা জানলাম। বিনিয়োগের স্বচ্ছতা বজায়, বিনিয়োগ সম্পর্কে সঠিক ধারণা তৈরি, ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা, গ্রাহক অসন্তোষ মেটানো, মার্কেট ট্রেন্ড বুঝতে সাহায্য করা ইত্যাদি একাধিক দিক থেকে সাহায্য করে সেবি রেজিস্টার্ড ব্রোকার। সেই কারণে শেয়ার বাজারে বিনিয়োগ শুরুর আগে একটি সেবি অনুমোদিত ব্রোকার নির্বাচন অত্যধিক প্রয়োজন। এছাড়াও শুধুমাত্র এক জায়গা থেকে না দেখে একাধিক জায়গা থেকে ব্রোকারের রেজিস্ট্রেশন নম্বর দেখে যাচাই করুন, এবং আপনি নিজে স্বচ্ছন্দ হলে তবেই সেই ব্রোকার নির্বাচন করুন। প্রয়োজনে কোনো সমস্যা দেখা দিলে ব্রোকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।




