Article By – সুনন্দা সেন

ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার আরও শক্তিশালী করতে বড় ভূমিকা নিতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বৃহত্তম ব্যাংক FAB (First Abu Dhabi Bank)। ব্যাংকটি ভারতে NRI-দের আমানত বিনিয়োগে সহায়তা করতে ১.৫ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থায়ন (Financing)-এর পরিকল্পনা করেছে। এই পদক্ষেপের ফলে বিদেশে বসবাসকারী ভারতীয়রা বা NRI নিজেদের মূলধনের তুলনায় আরও বড় অঙ্কের অর্থ ভারতের ব্যাংকে জমা রাখতে পারবেন। যা ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করবে।
সাম্প্রতিক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI বিদেশী মুদ্রার প্রবাহ বাড়াতে NCNR (B) বা ফরেন কারেন্সি নন-রেসিডেন্ট ব্যাংক ডিপোজিট আমানতের ক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা ঘোষণা করেছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে ফার্স্ট আবুধাবি ব্যাংক এই ১.৫ বিলিয়ন ডলারের অর্থায়নের পরিকল্পনা করেছে। এর ফলে ভারতের বিভিন্ন ব্যাংকে আরও বেশি NRI আমানত সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই স্কিমের মাধ্যমে ভারত প্রায় ১০ বিলিয়ন ডলার আকর্ষণ করেছে এবং সেপ্টেম্বরের শেষ পর্যন্ত আরও বড় অঙ্কের তহবিল আসার আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের উচ্চ দাম, বৈশ্বিক অনিশ্চয়তা এবং রুপির ওপর চাপের সময় এই ধরনের বৈদেশিক মুদ্রার প্রবাহ ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ডলার রিজার্ভ করলে রুপির স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে এবং প্রয়োজনে RBI বাজারে আরও কার্যকরভাবে হস্তক্ষেপ করতে পারবে। এছাড়া এই উদ্যোগ ভারতের ব্যাংকিং ব্যবস্থায় লিক্যুইডিটি বাড়াতে সাহায্য করবে। আর মধ্যপ্রাচ্যে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা কয়েক মিলিয়ন। তাঁদের রেমিট্যান্স এবং আমানত দীর্ঘদিন ধরেই ভারতের অর্থনীতির অন্যতম শক্তি।




