Article By – সুনন্দা সেন

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা (Sanjay Malhotra) জানিয়েছেন যে সুদের হার বাড়ানো নিয়ে এখনই আলোচনা করা ‘প্রি–ম্যাচিওর’ বা সময়ের আগেই হয়ে যাবে। তাঁর এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ঠ ইঙ্গিত মিলেছে যে কেন্দ্রীয় ব্যাংক আপাতত নীতি পরিবর্তনের কোনো তাড়াহুড়োতে নেই এবং অর্থনৈতিক পরিস্থিতি আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে চাইছে। আর তাঁর এই বক্তব্য স্পষ্ঠ করে দিচ্ছে, যে কেন্দ্রীয় ব্যাংক এখন কোনো আক্রমনাত্মক নীতি গ্রহণের পথে নেই।
মালহোত্রা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশ এখনো সম্পূর্ণ স্থিতিশীল নয়। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ওঠানামা, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং উন্নত দেশগুলোর সুদের হার নীতি ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। এই কারণে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এখনই সুদের হার বাড়ানোর বিষয়ে কোনো নিশ্চিত ইঙ্গিত দিতে চায় না। তিনি আরও জানান, ভারতের অর্থনীতি বর্তমানে তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছে। সাথে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী অবস্থানে আছে।
অর্থনীতিবিদদের মতে, RBI এখন ‘ওয়েট অ্যান্ড ওয়াচ (Wait and Watch)’ পদ্ধতি অনুসরণ করছে এবং কেন্দ্রীয় ব্যাংকের এই অবস্থান বাজারে এক ধরনের স্বস্তি তৈরি করেছে। কারণ সুদের হার বাড়লে সাধারণত ঋণের খরচ বেড়ে যায়, যার প্রভাব পড়ে গৃহঋণ (Home loan), গাড়িঋণ (Car loan) থেকে শুরু করে কর্পোরেট বিনিয়োগেও। ফলে বিনিয়োগ ও ভোগব্যয় কিছুটা কমে যাওয়ার আশঙ্কা থাকে। বাজার বিশ্লেষকেরা আরও বলছেন, বর্তমানে ভারতের প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির মধ্যে একটি ভারসাম্য বজায় রাখাই RBI-এর প্রধান লক্ষ্য।
বর্তমানের তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, অন্যদিকে শেয়ার বাজার ও বন্ড বাজারেও এই মন্তব্যের ইতিবাচক প্রভাব দেখা গেছে। বিনিয়োগকারীরা সুদের হার দ্রুত বাড়ার আশঙ্কায় কিছুটা কম অনুভব করায় বাজারে স্থিতিশীলতা এসেছে। বিশেষ করে ঋণ নির্ভরতা (credit dependent) খাতগুলোতে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। সাথে সময়ের সাথে অর্থনৈতিক তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে চাইছে RBI; যাতে প্রবৃদ্ধি এবং মূল্য স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য বজায় থাকে।




