Article By – সুনন্দা সেন

ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার আরও শক্তিশালী করার পথে বড় সাফল্য পেল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক বৈদেশিক মুদ্রা সংগ্রহের উদ্যোগে ইতিমধ্যেই প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলার এসেছে। এর বড় অংশই এসেছে FCNR (B) বা ফরেন কারেন্সি নন-রেসিডেন্ট (ব্যাংক) ডিপোজিটের মাধ্যমে। FCNR (B) হল এমন একটি আমানত ব্যবস্থা, যেখানে বিদেশে বসবাসকারী ভারতীয়রা ডলার, পাউন্ড বা ইউরোর মতো বৈদেশিক মুদ্রায় ভারতের ব্যাংকে নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রাখতে পারেন।
আর RBI এই প্রকল্পকে আরও আকর্ষণীয় করে তোলায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ভারতে এসেছে। গভর্ণর মালহোত্রা আরও জানান, জুন মাস থেকে বিদেশী বিনিয়োগকারীরাও ভারতে সরকারি বন্ডে ৭ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছেন। যার ফলে দেশের ব্যালান্স অফ পেমেন্ট বা বৈদেশিক লেনদেনের ভারসাম্য আরও শক্তিশালী হবে এবং প্রয়োজনে রুপির ওপর চাপ সামলানোর ক্ষেত্রেও RBI-এর হাতে বাড়তি সুযোগ থাকবে। এর আগে ১৭ জুলাই পর্যন্ত এই বিশেষ উদ্যোগে ২০.৭২ বিলিয়ন ডলার এসেছি। মাত্র কয়েক দিনের ব্যবধানে সেই অঙ্ক বেড়ে প্রায় ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা প্রকল্পটির দ্রুত সাফল্যের ইঙ্গিত দিচ্ছে।
RBI-এর এই উদ্যোগে প্রায় ৩২ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা দেশে আসায় ভারতের ফরেক্স রিজার্ভ আরও শক্তিশালী হবে, যা রুপির ওপর চাপ কমাতে এবং বিনিময় হার স্থিতিশীল রাখতে সাহায্য করবে। একই সঙ্গে এই প্রকল্পের কারণে আন্তর্জাতিক বাজারে ভারতের আর্থিক সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা বাড়বে, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এবং আমদানি ব্যয়, বিশেষ করে তেল আমদানির ধাক্কা সামাল দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলেও সামগ্রিকভাবে দেশের আর্থিক স্থিতিশীলতা ও ব্যবসায়িক পরিবেশ আরও মজবুত হবে।




