Article By – সুনন্দা সেন

মার্কিন যুক্তরাষ্ট্র (US)-এর নতুন ১০% অতিরিক্ত শুল্ক কার্যকর হলেও ভারতের জন্য এসেছে বড় স্বস্তির খবর। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের দাবি, যুক্তরাষ্ট্রে ভারতের মোট পণ্য রপ্তানির প্রায় ৪৫%-এই অতিরিক্ত ১০% শুল্কের আওতায় বাইরে থাকবে। মার্কিন প্রশাসন সেকশান ৩০১-এর আওতায় ভারতসহ একাধিক দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। তবে ভারতের জেনেরিক ওষুধ, স্মার্টফোন এবং কিছু নির্দিষ্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের মতো গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য নতুন শুল্ক থেকে অব্যাহতি পেয়েছে।
পাশাপাশি আগে থেকেই সেকশন ২৩২-এর আওতায় থাকা ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং অটো পার্টসের ওপর নতুন ১০% শুল্ক প্রযোজ্য হবে না। যার ফলে ভারতের মোট রপ্তানির প্রায় ৫৫% পণ্যের ওপর নতুন ১০% অতিরিক্ত শুল্ক আরোপ হবে। তবে বাণিজ্য মন্ত্রকের মতে, এই ক্ষেত্রেও ভারতের ওপর শুল্পে চাপ অনেক প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় কম, যা আন্তর্জাতিক বাজারে ভারতীয় রপ্তানিকারকদের প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখতে সাহায্য করতে পারে। এদিকে টেক্সটাইল খাতের জন্য একটি বিশেষ শুল্ক ব্যবস্থা এখনও পুরোপুরি কার্যকর হয়নি।
ভারত সরকার জানিয়েছে, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে এবং একই সঙ্গে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। আবার বিশেষজ্ঞদের মতে, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স এবং অন্যান্য ছাড়প্রাপ্ত খাতগুলির জন্য এই সিদ্ধান্ত বড় স্বস্তি এনে দিলেও, নতুন শুল্কের আওতায় থাকা রপ্তানিকারকদের খরচ বাড়তে পারে। তাই আগামী দিতে ভারত-আমেরিকা বাণিজ্য আলোচনার অগ্রগতি এবং সম্ভাব্য দ্বিপাক্ষিক চুক্তিই নির্ধারণ করবে ভারতীয় রপ্তানির ভবিষ্যৎ।




