Article By – সুনন্দা সেন

শুক্রবার (৬জুন,২০২৫) ভারতীয় রিজার্ভ ব্যাংকের নীতিগত হার কমানোর পর, বেসরকারি খাতের ব্যাংকগুলি HDFC, ICICI, IDFC ফার্স্ট এবং কোটাক মাহিন্দ্রা খুচরা আমানতকারীদের জন্য স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের (FD) সুদের হার ১০-৩৫ বেসিস পয়েন্ট (০.১%-০.৩%) কমিয়েছে। ব্যাংকগুলির নিম্নমানের সুদের হারের সাথে খাপ খাইয়ে নেওয়ার কারণে, পাবলিক সেক্টর ক্যানারা ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংকও সুদের হার কমিয়েছে।
HDFC ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিট সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। এক বছরের মেয়াদের আমানতের হার এখন ৬.২৫%। ৫০ লক্ষ টাকার উপরে আমানতের উপর সেভিংস (সঞ্চয়) ব্যাংকের সুদের হারও ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ২.৭৫% করেছে। যার ফলে সমস্ত সঞ্চয় আমানত বা সেভিংস ডিপোজিটের জন্য এই হার সমান হয়ে গেছে। ব্যাংকটি এপ্রিল মাস থেকে ৫০ লক্ষ টাকার নীচে আমানতের জন্য সঞ্চয় সুদের হার কমিয়ে ২.৭৫% করেছে।
ICICI ব্যাংকও এক বছরের ফিক্সড ডিপোজিটের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫% করেছে। ICICI- এর ১৮ মাস থেকে দুই বছরের মেয়াদি FD হার সবচেয়ে তীব্র হ্রাস পেয়েছে। যেখানে তারা হার ৩৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.৫০% করেছে। এছাড়া IDFC ফার্স্ট এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংকও তাদের এক বছরের FD সুদের হার কমিয়ে ৬.২৫% করেছে। পৃথক ভাবে দেখতে গেলে IDFC ফার্স্ট যেখানে ১৫-২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে, সেখানে কোটাকের FD রেট হ্রাসের পরিমাণ ২৫ থেকে ৩০ বেসিস পয়েন্টের মধ্যে ছিল।
অন্যদিকে ক্যানারা ব্যাংক এক বছরের আমানতের উপর সামান্য বেশি ৬.৫০% সুদ প্রদান করে। আর ইন্ডিয়ান ব্যাংক ৬.১০% সুদ প্রদান করে। ইন্ডিয়ান ব্যাংক এক বছরের বেশি কিন্তু দুই বছরের কম মেয়াদের জন্য আমানতের হার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.৬০% করেছে।




