Article By – সুনন্দা সেন

ভারতে প্রথমবারের মতো নিজস্ব ডেটা সেন্টার তৈরি করতে চলেছে উবার। এই প্রকল্পে উবার (Uber)-এর পার্টনার হয়েছে আদানি গ্রুপ। সম্প্রতি আমেদাবাদে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গে বৈঠকের পর উবারের CEO দ্বারা খোশরোশাহী (Dara Khosrowshahi) এই বড় ঘোষণা করেন। উবার জানিয়েছে, এই ডেটা সেন্টার শুধু ভারতের জন্য নয়, বরং বিশ্বজুড়ে তাদের প্রযুক্তি পরিষেবাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। সংস্থার দাবি, ভারতে তৈরি প্রযুক্তি বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার করা হবে। অর্থাৎ এটি ‘ইন্ডিয়া দ্য ওয়ার্ল্ড’ মডেলে তৈরি।
এই ডেটা সেন্টারের মাধ্যমে উবার AI, ক্লাউড কম্পিউটিং, রিয়েল-টাইম ডেটা প্রসেসিং এবং অ্যাপ পরিষেবাকে আরও দ্রুত ও নিরাপদ করতে চাইছে। বিশেষ করে ভারতের দ্রুত বাড়তে থাকা ডিজিটাল বাজার এবং ডেটা লোকালাইজেশন নীতিকে মাথায় রেখেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, আদানি গ্রুপও বর্তমানে ডেটা সেন্টার ও ডিজিটাল অবকাঠামো খাতে বড় বিনিয়োগ করছে। তাদের AdaniConneX প্রকল্প ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে বড় ডেটা সেন্টার গড়ে তুলছে।
উবারের সঙ্গে এই নতুন চুক্তি আদানি গ্রুপের ডিজিটাল ব্যবসাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, এই অংশীদারিত্ব ভারতের প্রযুক্তি ও AI ইকোসিস্টেমে বড় প্রভাব ফেলতে পারে। কারণ বর্তমানে বহু আন্তর্জাতিক কোম্পানি ভারতে ডেটা সেন্টার, AI এবং ক্লাউড অবকাঠামো তৈরিতে বিনিয়োগ বাড়াচ্ছে। এর ফলে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনই ভারত বিশ্ব প্রযুক্তি মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।




