Article By – সুনন্দা সেন

নভেম্বর মাসে ভারতের পণ্যদ্রব্য বাণিজ্য ঘাটতি বা trade deficit চলতি বছরের ২৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে সর্বকালের সর্বোচ্চ ৩৭.৮৪ বিলিয়ন ডলারে বিস্তৃত হয়েছে। কারণ দেশের আমদানি বিল বৃদ্ধি পেয়েছে, তবে রপ্তানি নভেম্বর, ২০২৪-এ হ্রাস পেয়েছে। সরকারি তথ্য দেখায় যে কেবল নভেম্বর মাসের নয়। চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর সময়ের মধ্যে ভারতের পণ্যদ্রব্য রপ্তানি ২.১৭% বৃদ্ধি পেয়েছে এবং আমদানি ৮.৩৫% বৃদ্ধি পেয়েছে। যার ফলে দেশের বাণিজ্য ঘাটতি প্রশস্ত হয়েছে।
তথ্য অনুসারে, নভেম্বর, ২০২৪-এ ভারতের পণ্যদ্রব্য রপ্তানির পরিমাণ ছিল ৩২.১১ বিলিয়ন ডলার। যেখানে আমদানির পরিমাণ ছিল ৬৯.৯৫ বিলিয়ন ডলারের। যেখানে তার আগের মাসে পণ্য রপ্তানি হয়েছিল ৩৯.২ বিলিয়ন ডলারের এবং পণ্য আমদানি দাঁড়িয়ে ছিল ৬৬.৩৪ বিলিয়ন ডলার। নভেম্বরে সোনা আমদানি সর্বকালের সর্বোচ্চ ১৪.৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এছাড়া জানা যাচ্ছে যে অক্টোবরে পণ্যদ্রব্যের বাণিজ্য ঘাটতি ২৭.১৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাণিজ্য সচিব সুনীল বার্থওয়াল বলেছেন, পেট্রোলিয়াম রপ্তানিতে পতনের ফলে নভেম্বরের পণ্য রপ্তানি কমেছে।
রয়টার্সের একটি জরিপে বলা হয়েছে, অর্থনীতিবিদরা আশা করেছিলেন যে দেশের নভেম্বরে বাণিজ্য ঘাটতি ২৩.৯ বিলিয়ন ডলার। তবে বাস্তবে তার থেকে অনেকটা বেশি ঘাটতি লক্ষ্য করা গেছে। এই বিস্তৃত বাণিজ্য ঘাটতি ভারতের মুদ্রার উপর আরও চাপ সৃষ্টি করতে পারে। আবার বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, একটি ঘাটতি সবসময় খারাপ হয় না। যদি দেশের উৎপাদন এবং রপ্তানি বাড়ানোর জন্য আমদানি করা হয়। তবে এটি দেশের মুদ্রার ওপর চাপ সৃষ্টি করে, একথা সত্যি।




