Article By – সুনন্দা সেন

ওয়ালমার্ট মালিকানাধীন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) পশ্চিমবঙ্গের GST আপিল কর্তৃপক্ষ বা GST Appellate Authority-এর রায়ের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দু হল– গ্রাহকদের কাছ থেকে নেওয়া ডেলিভারি চার্জের উপর GST প্রযোজ্য হবে কিনা। আর এটি শুরু হয় যখন ফ্লিপকার্ট দাবি করে যে তাদের প্রস্তাবিত ডেলিভারি পরিষেবা একটি GTA (Goods Transport Agency) পরিষেবা হিসেবে গণ্য হওয়া উচিত।
প্রথমকে পশ্চিমবঙ্গের অ্যাডভান্স রুলিং অথরিটি ২০২৫ সালে ডিসেম্বর মাসে ফ্লিপকার্টের পক্ষে রায় দেয়। কিন্তু পরে রাজ্যের কর দফতরের আপিলের ভিত্তিতে WBAAAR (West Bengal Appellate Authority for Advance Ruling) সেই সিদ্ধান্ত বদল করে। আপিল কর্তৃপক্ষ জানায়, ফ্লিপকার্টের ডেলিভারি ব্যবস্থা সসাধারণ GTA পরিষেবার মতো নয়, বরং এটি একটি সমন্বিত কুরিয়ার ও ই-কমার্স লজিস্টিক নেটওয়ার্ক। তাই এই পরিষেবার উপর ১৮% GST প্রযোজ্য হবে। সাথে আরও বলা হয়েছে যে, একাধিক হাব, ট্র্যাকিং সিস্টেম, ট্রান্সশিপমেন্ট এবং মাইল ডেলিভারি হল মর্ডান কুরিয়ার সার্ভিসের বৈশিষ্ট্য।
বিশেষজ্ঞদের মতে, ফ্লিপকার্ট যদি কলকাতা হাইকোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করে, তাহলে মামলাটির প্রভাব শুধু ফ্লিপকার্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি ভারতের ইকমার্স, কুইক-কমার্স এবং লজিস্টিক ইন্ডাস্ট্রিতে বা শিল্পে ডেলিভারি চার্জের GST কাঠামো নিয়ে ভবিষ্যতের নীতিনির্ধারণেও বড় প্রভাব ফেলতে পারে। সুতরাং, এই মামলাটি শুধু একটি কোম্পানির কর-বিতর্কের ঘটনা নয়; বরং এটি ভারতের দ্রুত বিকাশমান ই-কমার্স খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি ও কর সংক্রান্ত নজির হয়ে উঠতে পারে।




