Article By – সুনন্দা সেন

রুপি বন্ড বাজারে প্রায় তিন বছর পর আবার ফিরছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সংস্থাটি পাঁচ বছরের বন্ড ইস্যুর মাধ্যমে প্রায় ১২,৫০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে। এটি ২০২৩ সালের নভেম্বরের পর রিলায়েন্সের প্রথম বড় দেশীয় বন্ড বাজারে ফেরা। প্রস্তাবিত বন্ডের বার্ষিক কুপন রেট ৭.৪৭%। অর্থাৎ, এই হারে বিনিয়োগকারীদের সুদ দেওয়ার কাঠামো থাকছে। রিপোর্ট অনুযায়ী, মোট ১২,৫০০ কোটি টাকার মধ্যে ১০,০০০ কোটি টাকার বেস ইস্যু এবং অতিরিক্ত ২,৫০০ কোটি টাকার গ্রিনশু অপশন হিসেবে রাখা হয়েছে।
আর এই তহবিল সংগ্রহের জন্য রিলায়েন্সকে একাধিক বড় ব্যাংক সহায়তা করছে। এর মধ্যে রয়েছে অ্যাক্সিস ব্যাংক, HDFC ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক এবং ইয়েস ব্যাংক। এই বন্ড ইস্যুটি এমন সময়ে আসছে, যখন দেশীয় বন্ড বাজারে সুদের হার এবং তারল্য পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সময়ে RBI অতিরিক্ত তারল্য বা লেক্যুইডিটি পুল আপের জন্য ১ লাখ কোটি টাকার মূল্যের সরকারি বন্ড বিক্রির পরিকল্পনা করেছে। যার ফলে কর্পোরেট বন্ডের ক্ষেত্রেও তহবিল সংগ্রহের খরচ ও বাজারের সুদের হার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে।
রিলায়েন্সের জন্য এই তহবিল সংগ্রহের মূল গুরুত্ব হল, বড় অঙ্কের মূলধন সংগ্রহের মাধ্যমে সংস্থার বিভিন্ন ব্যবসায়িক ও আর্থিক প্রয়োজন মেটানোর সুযোগ তৈরি হবে। তবে এই বন্ড থেকে পাওয়া অর্থ ঠিক কোন নির্দিষ্ট কাজে ব্যবহার করা হবে, সে বিষয়ে প্রকাশিত প্রাথমিক তথ্য থেকে বিস্তারিত জানা যায়নি। আর প্রায় তিন বছর পর রিলায়েন্সের এত বড় রুপি বন্ড ইস্যু দেশের কর্পোরেট ঋণ বাজারে একটি উল্লেখযোগ্য লেনদেন। একই সঙ্গে ৭.৪৭%-এর প্রস্তাবিত কুপন রেট দেখাচ্ছে যে বড় কর্পোরেট সংস্থাগুলিও বর্তমানে বাজারের সুদের হার ও তারল্য পরিস্থিতিকে বিবেচনায় রেখে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহ করছে।




