চিনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভোর ভারতীয় ব্যবসায় বেশিরভাগ অংশীদারিত্ব কেনার পরিকল্পনা স্থগিত করল টাটা গ্রুপ। আমেরিকান কোম্পানি অ্যাপল এই চুক্তিতে আপত্তি জানিয়েছে। 2023 অর্থবর্ষে ভিভোর ভারতীয় ইউনিটের আয় ছিল 30,000 কোটি টাকা। তবে সরকারের তরফ থেকে কোম্পানির ওপর চাপ রয়েছে, এর নিয়ন্ত্রণ কোনও ভারতীয় কোম্পানির হাতেই থাকতে হবে।
তাই ভারতীয় ইউনিটের 51 শতাংশ শেয়ার টাটা গ্রুপের কাছে বিক্রি করার চিন্তা ভাবনা শুরু করে ভিভো। কিন্তু এই চুক্তিতে স্বাচ্ছন্দ্যবোধ না করায় আপত্তি করে অ্যাপেল। কারণ ইতিমধ্যেই তাদের ডিভাইস তৈরি করছে টাটা গ্রুপ। অ্যাপলের আপত্তির কারণে ভিভো ইন্ডিয়াতে বেশিরভাগ অংশীদারিত্ব নেওয়ার পরিকল্পনা ভেস্তে গিয়েছে টাটা গ্রুপের।
আরও জানা গিয়েছে যে, অ্যাপলের একটি প্রধান উৎপাদন সংস্থার অংশীদার টাটা গ্রুপ। অ্যাপল এবং ভিভো পরস্পরের প্রতিদ্বন্দ্বী। তাই এই চুক্তিতে অসন্তুষ্ট ছিল অ্যাপল। সম্ভবত এই কারণেই টাটা এবং ভিভোর মধ্যে আলোচনা আপাতত বন্ধ। নিয়ন্ত্রণকারী অংশ বিক্রি করে ভারতে নিজেদের ব্যবসায় স্থানীয় অংশীদারদের নিয়োগ করার কথা ভাবছে চিনা কোম্পানিগুলি।
ভারতের সঙ্গে স্থল সীমানা ভাগ করে নেওয়া দেশগুলি থেকে আসা বিনিয়োগগুলি সম্পর্কে ঘনিষ্ঠভাবে যাচাই করছে মোদী সরকার। তাতে মহা ঝামেলায় পড়েছে চিনা কোম্পানিগুলি। এছাড়াও, ব্যবসায় নির্ভরযোগ্য স্থানীয় অংশীদার থাকলে ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগে চিনা কোম্পানিগুলিকে নির্ভরযোগ্য অংশীদার হিসাবে আত্মপ্রকাশ করতে সহায়তা করবে।
এর ফলে চিনা কোম্পানিগুলিকে নিয়ন্ত্রক পদক্ষেপ এড়াতে সাহায্য করার পাশাপাশি ভিসা অ্যাক্সেস করতেও সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Article By – আস্তিক ঘোষ






