Article By – সুনন্দা সেন

ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL-এর ব্যবসায়িক মূল্য ২০২৬ সালে বেড়ে ২০.৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় প্রায় ১১.৪% বেশি। মার্কিন বিনিয়োগ ব্যাংক ‘হাউলিহান লোকি’ নামক গ্লোবাল বিনিয়োগকারীর ব্যাংক ২০২৬ সালের মূল্যায়ন রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। আর এই বৃদ্ধির পেছনে রয়েছে একাধিক কারণ। সাথে সম্প্রচার স্বত্ব (Broadcast Rights), স্পনসরশিপ, ডিজিটাল স্ট্রিমিং, মার্চেন্ডাইজিং এবং ফ্র্যাঞ্চাইজিগুলো আয়ের ধারাবাহিক বৃদ্ধি IPL-কে একটি শক্তিশালী স্পোর্টস বিজনেস প্ল্যাটফর্মে পরিণত করেছে।
বিশেষজ্ঞদের মতে, IPL-এ এখন শুধু ক্রিকেট প্রেমীরাই নয়, বড় শিল্পগোষ্ঠী, প্রাইভেট ইক্যুইটি ফান্ড এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও আগ্রহ দেখাচ্ছেন। কারণ IPL এখন এমন একটি ব্যবসায়িক মডেল; যেখানে স্পোর্টস, এন্টারটেইন্টমেন্ট, বিজ্ঞাপন, প্রযুক্তি এবং ডিজিটাল অর্থনীতি একসঙ্গে কাজ করছে। যার প্রভাব ভারতীয় বাজারেও স্পষ্ট। আর মুকেশ আম্বানি, শাহরুক খান, লক্ষী মিত্তল, আধার পুনাওয়ালা এবং কুমার মাঙ্গালাম বিড়লার মতো প্রভাবশালী ব্যক্তিত্বদের অংশগ্রহণ IPL-কে আরও শক্তিশালী বিনিয়োগ গন্তব্যে পরিণত করেছে।
IPL এখন আর শুধু একটি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট নয়; এটি ভারতের অন্যতম বড় স্পোর্টস-এন্টারটেইনমেন্ট অর্থনীতি। এর সাফল্য বিজ্ঞাপন, মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম, পর্যটন, ই-কমার্স এবং ক্রীড়া অবকাঠামো সহ সব ক্ষেত্রেই বড় অর্থনৈতিক প্রভাব ফেলছে। ক্রমবর্ধমান দেশীয় ও বিদেশি বিনিয়োগের ফলে IPL ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে মূল্যবান স্পোর্ট লিগগুলোর সঙ্গে আরও শক্তিশালী প্রতিযোগিতায় নামবে বলে বিশেষজ্ঞদের ধারণা। তাদের মতে, প্রতি মরসুমে হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক কার্যকলাপ সৃষ্টি হচ্ছে, যা ভারতের স্পোর্টস ইকোনমিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।




