Article By – সুনন্দা সেন

দেশজুড়ে LPG বা রান্নার গ্যাসের সঙ্কটের জেরে চাপ বাড়ছে বড় FMCG সংস্থাগুলির উপর। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রভাব পড়েছে ভারতের জনপ্রিয় বিস্কুট প্রস্তুতকারক পার্লে প্রোডাক্টের উপর। তবে আশ্চর্যের বিষয়, খরচ বাড়লেও তাদের সবচেয়ে জনপ্রিয় পণ্য Parle-G-এর চাহিদা এখনও মজবুত রয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, LPG সঙ্কটের ফলে উৎপাদন এবং পরিবহণ খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে প্লাস্টিক প্যাকেজিং-এর খরচ ২০% থেকে ২৫% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
এর পাশাপাশি জ্বালানি ও লজিস্টিক খরচও বেড়েছে, যা সরাসরি প্রভাব ফেলছে সংস্থার মোট ব্যয়ে। তবে এই পরিস্থিতিতেও পার্লে প্রোডাক্টসের এখনও পণ্যের দাম বাড়ানোর পথে হাঁটেনি। কারণ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অত্যন্ত অস্থির। সংস্থা মনে করছে, এই মুহূর্তে দাম বাড়ালে সাধারণ গ্রাহকের উপর বাড়তি চাপ পড়বে, যা বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই খরচ সামাল দিতে সংস্থা অন্য পথ বেছে নিয়েছে।
বিজ্ঞাপন ও প্রচার খাতে প্রায় ১৫% থেকে ২০% পর্যন্ত ব্যয় কমানো হয়েছে। পাশাপাশি, অভ্যন্তরীণ খরচ নিয়ন্ত্রণের মাধ্যমে লাভের মার্জিন বজায় রাখার চেষ্টা চলছে। এদিকে বাজারের চিত্র বলছে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার উপর চাপ পড়ায় তারা এখন সস্তা ও দৈনন্দিন ব্যবহারের পণ্যের দিকেই ঝুঁকছেন। সেই কারণেই Parle-G-এর মতো সাশ্রয়ী বিস্কুটের চাহিদা এখনও স্থিতিশীল রয়েছে। শহর থেকে গ্রাম, সব জায়গাতেই এই পণ্যের বিক্রি ভালোই চলছে।
তবে সংস্থার অন্যান্য প্রিমিয়াম পণ্য, যেমন ক্রিম বিস্কুট বা কুকিজ জাতীয় বিভাগে কিছুটা চাহিদা কমেছে। বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক চাপে পড়লে সাধারণ মানুষ আগে প্রয়োজনীয় পণ্যের দিকেই বেশি গুরুত্ব দেন, বিলাসবহুল বা অতিরিক্ত পণ্য কেনা কমিয়ে দেন। এই পরিস্থিতি শুধু পার্লেজি প্রোডাক্টের ক্ষেত্রেই নয়, গোটা FMCG ইন্ডাস্ট্রির জন্যই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। LPG সঙ্কটের ফলে বহু সংস্থাকেই উৎপাদন কমাতে বা ব্যয় সংকোচনের পথে হাঁটতে হচ্ছে।




