Article By – আস্তিক ঘোষ

বাবা রামদেবের কোম্পানি পতঞ্জলি ফুডসকে FSSAI নির্দেশ দিয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো ফেরত নিতে। বৃহস্পতিবার এই আদেশ দেওয়া হয়। লাল লঙ্কার গুঁড়োর একটি নির্দিষ্ট ব্যাচ খাদ্য নিয়ন্ত্রক FSSAI-এর মান সম্মত ছিল না বলে জানা গিয়েছে। তাই তা ফেরত নিতে বলা হয়েছে। এই ব্যাচ নম্বর হল AJD2400012। এটি FSSAI (Contaminants, Toxins and Residues) Regulations 2011-এর নিয়ম সম্মত নয়।
FSSAI পতঞ্জলি ফুডসকে বাজার থেকে শুকনো লঙ্কার গুঁড়োর এই ব্যাচ সম্পূর্ণরূপে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে। কোম্পানি নিজেই তাদের এক্সচেঞ্জ ফাইলিংয়ে এই তথ্য দিয়েছে। পতঞ্জলি ফুডস লিমিটেড বৃহস্পতিবার বলেছে যে FSSAI খাদ্য নিরাপত্তা নিয়মের সাথে সামঞ্জস্য না করার কারণে প্যাকেজ করা শুকনো লঙ্কার গুঁড়োর একটি নির্দিষ্ট ব্যাচ প্রত্যাহার করার জন্য কোম্পানিকে নির্দেশ দিয়েছে।
গত 13 জানুয়ারি এ সংক্রান্ত আদেশ জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা। সাম্প্রতিক সময় একাধিক বার পতঞ্জলির নাম সংবাদ শিরোনামে উঠে এসেছে। সংস্থার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। বেশ কিছু কেসও পতঞ্জলির বিরুদ্ধে কোর্টে রয়েছে, যা বিচারাধীন।
তবে আর্থিক দিক থেকে এখনো বেশ মজবুত রয়েছে বাবা রামদেবের পতঞ্জলি। সেপ্টেম্বর ত্রৈমাসিকে পতঞ্জলি ফুডসের স্বতন্ত্র নেট মুনাফা 21 শতাংশ বেড়ে 308.97 কোটি টাকা হয়েছে। গত বছরের একই সময়ে এটি ছিল 254.53 কোটি টাকা। এই আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) মোট আয় বেড়ে দাঁড়িয়েছে 8,198.52 কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল 7,845.79 কোটি টাকা।




